গেরুয়ার মাহাত্ম্য প্রচারে যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, পদযাত্রার নেতৃত্বে মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari Photo-SNS

রাখি বন্ধনের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে বিপুল জমায়েত এবং বন্দে মাতরম ধ্বনির পর ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রে যাদবপুর চত্বর। গেরুয়া রঙের মাহাত্ম্য প্রচারে আগামী ৯ সেপ্টেম্বর গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত ‘গেরুয়া সম্মান যাত্রার’ ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি গেরুয়াকে সামনে রেখে যে অসম্মানের মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিজেপি, সেই বিষয়ে সচেতনতা গড়তেই এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। বিকেল ৩টে থেকে এই মিছিল গোলপার্ক থেকে শুরু হয়ে ঢাকুরিয়া হয়ে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল যাবে। মিছিলের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলের অন্যতম লক্ষ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক অশান্তির বিরুদ্ধে বার্তা দেওয়া ও জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটানো, এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

রাখি পূর্ণিমার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম কর্মসূচি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের একাধিক সাম্প্রতিক বিতর্কিত ঘটনার প্রতিবাদে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূলের পাশাপাশি এককালীন সিপিএম শাসনকেও নিশানা করেন তিনি। এর পাশাপাশি গেরুয়া রঙকে সামনে রেখে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কমিউনিস্টদের আমলে যাদবপুর রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা বিদ্যাসাগরের ছবি ঠাঁই পেত না। আবার বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে থ্রেট কালচার বা ভয় দেখানোর পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, অধিকাংশ পড়ুয়া রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক হলেও কিছু গোষ্ঠী হুমকি দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মিছিলে নিয়ে যায়। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা নিয়ে তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার কথাও বলেছিলেন তিনি। গেরুয়া সম্মান যাত্রা সেই রাষ্ট্রবাদ প্রতিষ্ঠাকে দৃঢ়তর করতেই আয়োজন করা হচ্ছে বলে মত একাংশের।


যাদবপুরে স্বপ্নদ্বীপের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ তুলে তৃণমূল জমানার সমালোচনা করেন তিনি। নিজের অতীত অভিজ্ঞতা উল্লেখ করে র‌্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুরে এসে মাওবাদী পরিচয়ে গো ব্যাক স্লোগান শোনার দাবিও করেন। এবার গেরুয়ার মর্যাদা, ত্যাগ এবং আদর্শকে স্মরণ করেই যাদবপুরে গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।