রাজ্যের গ্রামীণ আবাস যোজনা ‘বাংলার বাড়ি’ প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। আগের তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের টাকা ভুয়ো উপভোক্তা বা প্রাপকদের কাছ থেকে ফেরাতে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশ, ডিসেম্বর মাসের মধ্যে টাকা না ফেরালে জানুয়ারি মাসে সংশ্লিষ্টদের উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আর শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আবাস প্রকল্পের দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁদের কারও রেহাই নেই এবং সরকার প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে শুক্রবার এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হল। মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন তা রাখলেন। কিন্তু একইসঙ্গে দিলেন কড়া হুঁশিয়ারিও। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তথ্য যাচাই পর্বে রাজ্যে ১২ হাজারের বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে বলে অভিযোগ। যাঁরা কোনওভাবেই গ্রামীণ গরিব মানুষের জন্য আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। তাঁদের অনেকেরই নিজস্ব পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় তাঁরা এক বা একাধিকবার টাকা তুলেছেন। অনেকে আবার টাকা নিয়ে বাড়ি করেননি বলেও সূত্রের খবর। আর ৫৭ হাজার ভুয়ো প্রাপকও আছেন। এই নিয়ে কড়া সুরে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘যে ৫৭ হাজার ভুয়ো প্রাপকের নাম তালিকায় ঢুকেছিল সেটা কীভাবে সম্ভব হয়েছিল এবং তার নেপথ্যে কারা জড়িত আছেন, তা খুঁজে বের করা হবে। কোনও সরকারি আধিকারিকও যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।’
অন্যদিকে রাজ্যে বিজেপি সরকার গড়ার পরে এই প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’। কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবার টাকা বরাদ্দ করেছে। গত ১৪ জুলাই নবান্নে এসে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন করে এক লক্ষ বাড়ির জন্য অর্থ মঞ্জুর করে যান। আর এদিন মুখ্যমন্ত্রীর দাবি, ‘ইতিমধ্যেই একহাজার জন সরকারি টাকা ফেরত দিয়েছেন এবং বাকি ১১ হাজার জনকে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই টাকা ফেরত দিতে হবে। না হলে তাঁদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হবে।’
তাছাড়া এদিন নবান্ন থেকে রাজ্যের ৭ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছে। যেখানে প্রাপক পিছু ৬০ হাজার টাকা করে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার জন্য মোট ১০ হাজার ৩২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ১৮০ জনের হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরে প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার আরও ৭ লক্ষ উপভোক্তার যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে।