ইতিমধ্যেই বুলেটপ্রুফ গাড়ি পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। এবার তাতে এল বড় পরিবর্তন। কারণ মুখ্যমন্ত্রীকে হামলা করতে পারে জঙ্গি সংগঠন। যেহেতু সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তিনি তাই জঙ্গিরা তাঁকে টার্গেট করেছে। অনুপ্রবেশ রুখে দিয়ে বাংলাদেশের নাগরিক যারা তাদের অবৈধ পথে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। কাঁটাতারের বেড়া আরও বেশি করে দেওয়া হয়েছে। বিএসএফকে জমি দেওয়া হয়েছে। তাই জঙ্গিদের টার্গেট শুভেন্দু অধিকারী। এই আবহে এবার সারা দেশেই বাড়ানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা।
এখন থেকে শুধু পশ্চিমবঙ্গেই ‘জেড প্লাস’ নিরাপত্তা সীমাবদ্ধ থাকবে না, দেশের যে কোনও প্রান্তে সফর বা কর্মসূচির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘জেড প্লাস’ ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। আগে যা শুধু রাজ্যেই সীমাবদ্ধ ছিল। এই পরিবর্তন করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়। পশ্চিমবঙ্গের সীমানা পার করে অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার জেরে রাজ্যের বাইরেও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি থাকবে না। বরং সারা দেশজুড়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই সর্বোচ্চ স্তরের সুরক্ষাকবচ বহাল থাকছে।
কিছুদিন আগে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বড় হামলার ছক কষেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নিজেদের তৎপরতায় ওই চক্রান্ত বানচাল করে দেয়। পূর্ব বর্ধমানের অভিজাত ‘রেনেসাঁ কমপ্লেক্স’ থেকে হামিম মণ্ডল যে একজন জইশ সদস্য তাকে আগেই জালে তুলেছেন গোয়েন্দারা। ধৃত নিজেকে কাশ্মীরের বাসিন্দা বলে দাবি করেছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিআইপি চলাচলের রুট ম্যাপ, সিকিউরিটি শিডিউল এবং গতিবিধি বিষয়ক অত্যন্ত সংবেদনশীল নথি উদ্ধার করা হয়েছিল।
একইসঙ্গে আরও জঙ্গি ধরা পড়ে রাজ্য থেকে। ফলে যে কোনও সময় নাশকতার মতো ঘটনা ঘটতে পারে। এইসব কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর সুরক্ষাবলয় নিয়ে কোনও ধরনের ঝুঁকি রাখতে নারাজ প্রশাসন। এবার থেকে অন্য রাজ্যে সফর করার সময়ও তাঁর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুতরাং এখন থেকে রাজ্য-রাজনীতির সীমানা পেরিয়ে দেশের যে কোনও প্রান্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য সর্বোচ্চ জেড প্লাস স্তরের এই নিশ্ছিদ্র নিরাপত্তার সুরক্ষাকবচ কার্যকর করা হবে বলেই সূত্রের খবর।