মমতা সরকারের আমলে ৫ হাজার পুকুর বুজিয়ে দেওয়া হয়েছিল, অভিযোগ শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

‘আগের তৃণমূল সরকারের আমলে কেএমডিএ এলাকায় ৫ হাজার পুকুর বুজিয়ে দেওয়া হয়েছিল। পরিবেশ ধ্বংস করতে যা যা করা দরকার তা সবই করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চুরি-দুর্নীতির শেষ নেই।’ সোমবার কুঁদঘাটে জলাশয় পুনরুদ্ধার কর্মসূচিতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী শিবিরে থাকাকালীন বিজেপি বার বার অভিযোগ করেছে, তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় নেতাদের মদতে দিনের আলোতেই একের পর এক পুকুর বুজিয়ে আবাসন নির্মাণ চলছে। সোমবার কুঁদঘাটের অনুষ্ঠান মঞ্চে রীতিমতো পরিসংখ্যান পেশ করে মুখ্যমন্ত্রী জানান, কেএমডিএ এলাকায় কীভাবে ৫ হাজারেরও বেশি পুকুর ভরাট করেছে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। কুঁদঘাটে জলাশয় পুনরুদ্ধার কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীবলেন, ‘সুস্থ পরিবেশের কথা না ভেবে পরিবেশ ধ্বংস করার জন্য যাকরা দরকার তার সবই করেছে তৃণমূল।’

কুঁদঘাটে দু’টি জলাশয় পুনরুদ্ধার করে তার উদ্বোধন করেন খোদ মুখ্যমন্ত্রী। এদিনেরঅনুষ্ঠানে দুই সরবোরের নামকরণও করেন তিনি। একটির নাম রাখেন ‘শিবসরোবর’, অন্যটির নাম দেন ‘শক্তি সরোবর’। দুই সরবোরের নামকরণ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘১১নম্বর বরোর ১১৪ নম্বর ওয়ার্ডে ইটখোলা ১ ও ২ তে দুটি পুকুর উদ্ধার করা হল। সেখানে পুকুরে মাছ চাষ হবে। এই জলাশয়কে ঘিরে থাকবে সবুজ বেষ্টনী। অর্থাৎ পার্ক তৈরি করা হবে। সেখানে গাছ লাগানো হবে। মর্নিং ও ইভনিং ওয়াকারদের হাঁটার জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে।’

কলকাতা পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের তরফে জলাশয় পুনরুদ্ধারের এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। আসন্ন কলকাতা পুরসভার ভোটকে মাথায় রেখে শুভেন্দুর বার্তা,পুরভোটে গণদেবতার আশীর্বাদ পেলে সরকার ও পুরসভার যৌথ উদ্যোগে মানুষকে নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে পুরসভার সব ধরনের কাজ হবে। পুরসভার কাজে কোথাও কোনও দুর্নীতির অভিযোগ উঠলে কাউকে রেয়াত করা হবে না।


এদিন জলাশয় পুনরুদ্ধার অনুষ্ঠানে হাজির ছিলেন, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। অন্যদিকে সোমবার সকালে নিউটাউনে একটি অভিজাত হোটেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেন তিনি। আগামী ১ বছরে রাজ্যে নিয়োগের ডেডলাইন বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৭-এর ৮ মে-র মধ্যে ১ লক্ষ নিয়োগ হবে। আজ নেতাজি ইন্ডোরে রাজ্য পুলিশের১১ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই নিয়োগ অভিযান শুরু হবে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। আগামী সাড়ে চার বছরে বিপুল নিয়োগ হবে। এমনভাবে নিয়োগ করা হবে যাতে কাউকেই কোর্টে যেতে হবে না। সব নিয়োগই হবে যোগ্যতার ভিত্তিতে।’ ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোল কেমিক্যালে ৬০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্বোধন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।