‘এলিয়ট পার্ক আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত’, সমাজমাধ্যমে মমতাকে খোঁচা শুভেন্দুর

Elliot Park Photo-CM Suvendu Adhikari Facebook Post

এলিয়ট পার্কের একটা অংশ টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। লক্ষ্মীবারে তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। আর এই কাজটি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আগে দেখতে পেতেন না সাধারণ মানুষ বলে অভিযোগ। এবার থেকে আর রাজ্যের মানুষজন প্রাকৃতিক শোভা থেকে বঞ্চিত হবেন না। বৃহস্পতিবার এই কাজটি করেই সমাজমাধ্যমে তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে কড়া ভাষায় খোঁচা দিয়েছেন প্রাক্তনকে। কলকাতা পুরসভাকে দিয়ে ওই টিনের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।

এলিয়ট পার্কের আগে এবং পরের ছবি দিয়ে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাননীয়া’ বলে খোঁচা দেন তিনি সমাজমাধ্যমে। এই নিয়ে এখন শহরে জোর চর্চা শুরু হয়েছে। কলকাতা শহরের ময়দান এলাকার চৌরঙ্গী রোডের কাছে অবস্থিত এলিয়ট পার্ক একটি জনপ্রিয় এবং সুন্দর উন্মুক্ত সবুজ প্রাঙ্গণ। ২০০৪ সালে তৈরি হওয়া এই পার্কে রয়েছে হাঁটার পথ, ফোয়ারা এবং বাচ্চাদের খেলার জায়গা। বৃহস্পতিবার সমাজমাধ্যমে করা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘চৌরঙ্গী রোডের দিক থেকে এলিয়ট পার্কের সামনে থাকা উঁচু টিনের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। তার ফলে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ পরিবেশ আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।’

এখানে সবুজ ঘাস, বসার জায়গা, ছোট পুকুর, ফোয়ারা এবং হাঁটার পথ সবই আছে। ময়দান মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই এলিয়ট পার্ক। এখান দিয়ে যে রাস্তা গিয়েছে তার নাম-জওহরলাল নেহরু রোড। প্রাতঃভ্রমণ করার পাশাপাশি এখানে প্রাতঃভ্রমণকারীদের জন্য জগার্স ট্র্যাক এবং ছোটদের দোলনা রয়েছে। সেখানে টিনের বেড়া করা ছিল। সেগুলি সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটবেন বলে সাধারণ মানুষের দৃষ্টি থেকে আড়াল করে রাখা হয়েছিল এলিয়ট পার্ককে। এবার এই পার্কের সৌন্দর্য সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য আজ আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত।’


তাছাড়া এলিয়ট পার্ক মহানগরীর অন্যতম জনপ্রিয় উন্মুক্ত সবুজ এলাকা। প্রত্যেকদিন বহু মানুষ এখানে হাঁটতে, বিশ্রাম নিতে এবং সময় কাটাতে আসেন। টিনের বেড়া সরিয়ে পার্কের দৃশ্য আবারও উন্মুক্ত হওয়ায় সাধারণ মানুষদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখলেন, ‘টিনের বেড়া সরিয়ে দেওয়ার ফলে এখন আবার পার্কের সবুজ ও প্রাকৃতিক সৌন্দর্য সকলের জন্য দৃশ্যমান হয়েছে। কলকাতা পুরসভাকে আন্তরিক ধন্যবাদ। জনগণের সম্পদ, জনগণের জন্যই উন্মুক্ত থাকুক।’