সাংবাদিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের, রাখির উপহার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা

CM Suvendu Adhikari Image: SNS

পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা মিলবে। বিশেষ করে যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারবেন না তাঁরা এই প্রকল্প পাবেন। কিন্তু এখানেই সীমিত রাখা হয়নি প্রকল্পকে। এবার এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে সাংবাদিকদের। রাখি উৎসবের আগে এমনই বড় উপহার ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে। এই খবর সামনে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে সাংবাদিক মহলে।

এদিকে নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে অ্যাক্রিডিয়েটেড, নন-অ্যাক্রিডিয়েটেড এবং ফ্রিল্যান্স সাংবাদিকদেরও এই স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসা হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা পাবেন সংবাদমাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরাও। নবান্নের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে সংবাদ কর্মীদের থেকে আবেদন সংগ্রহের কাজ শুরু করা হবে। তারপর  ফর্ম গুলি পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরে। তার আগে অবশ্য স্ক্রুটিনি চলবে। এই ফর্ম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ফর্ম পূরণ করে তার সঙ্গে উপযুক্ত নথি দিয়ে জমা দিতে হবে। তাহলেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা।

অন্যদিকে নবান্ন সূত্রে খবর, পুরো বিষয়টাই যেহেতু প্রশাসনিক সিদ্ধান্তে তাই সমস্ত সংবাদ কর্মীরাই আবেদন করতে পারবেন। অ্যাক্রিডিয়েশন কার্ড থাকুক বা না থাকুক সব সাংবাদিক বন্ধুদের জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। তবে যাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান যোজনার আওতায় এসেছেন তাঁদের আবেদন করতে নিষেধ করা হয়েছে। যাঁরা নবান্নে খবর সংগ্রহ করতে আসেন না, তাঁরাও আবেদন করতে পারবেন। কোনও অসুবিধে নেই বলে জানানো হয়েছে।


তাছাড়া সাংবাদিকদের পথেঘাটে বেরিয়ে খবর সংগ্রহ করতে হয়। শহর থেকে জেলায় গিয়েও খবর সংগ্রহ করতে হয়। তাই তাঁদের শরীর খারাপ হলে, অসুস্থ হয়ে পড়লে এই প্রকল্প দ্রুততার সঙ্গে কাজ করবে। আবার যেসব সাংবাদিকরা অফিসের ডেস্কে খবর লেখেন তাঁরা অসুস্থ হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসা পরিষেবা পাবেন। কদিন আগে বিধানসভায় সকল সাংবাদিকদের পেনশন এবং স্বাস্থ্যবিমার পক্ষে সওয়াল করেছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তার প্রথম ধাপ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকি রইল শুধু পেনশন। সেটা কবে ঘোষণা হয় এখন সেটাই দেখার।