পুলিশের আধুনিকীকরণ করতে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। শুক্রবার কেন্দ্র এবং রাজ্যের মউ স্বাক্ষর হয়েছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে পুলিশের পরিকাঠামো এবং পরিষেবার উন্নতিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। তাই এদিন থেকে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে রাজ্যের পুলিশ ব্যবস্থায়। কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে স্বাক্ষরিত মৌ চুক্তি রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কাজে কোনওভাবেই সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভর করা চলবে না। বিট অফিসারদের কাজের স্বচ্ছতা, উপযুক্ত ই-ইকুইপমেন্ট এবং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
এদিকে শুক্রবার নবান্ন সভাঘরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি (আইনশৃঙ্খলা) অজয় রানাডে-সহ রাজ্য পুলিশের ৩৪টি পুলিশ জেলার প্রধান, কলকাতা পুলিশের কমিশনার এবং দিল্লি থেকে আসা অলোক মিত্তল এবং তাঁর টিম। অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যবাসীকে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে নানা ক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল। কিন্তু এখনকার রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করছে। পুলিশের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এই সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
অন্যদিকে পুলিশকে আরও জনমুখী করে তুলতেই এই অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ অফিসার আছেন। এমনকী সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারদের সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে অ্যাপে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকায় কোন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছেন। বিট অফিসারদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সম্পর্কেও তথ্য থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছে বিট অফিসারদের পরিচয় এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। এটার ফলে পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে। পুলিশের কাজের পরিধি বাড়লেও রাজ্যে পর্যাপ্ত পুলিশকর্মীর অভাব রয়েছে। পুলিশের কাজে শুধু পরিকল্পনা করলেই হবে না, তার যথাযথ বাস্তবায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য পর্যাপ্ত জনবল অপরিহার্য। পশ্চিমবঙ্গে এখন পুলিশকর্মীর গুরুতর ঘাটতি রয়েছে।’
তাছাড়া পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। দৈনিক কাজকর্মের উপর নজরদারি এবং একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। এমনকী পুলিশ প্রশাসনে রিপোর্টিং অথরিটি বা কার কাছে কে রিপোর্ট করবেন সেই কাঠামোও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে জানান তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, ‘এখন একজন পুলিশ অফিসারের সঙ্গে সাতজন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। তবে ভবিষ্যতে এই ব্যবস্থা আরও বেশি করে পুলিশ অফিসারদের উপর নির্ভরশীল করতে হবে। তার জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট ও কার্যকর রিপোর্টিং ব্যবস্থা। পুলিশের অভ্যন্তরীণ কাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এই কাজে পুলিশ টিমের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও নজরদারি চালাচ্ছেন। কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে জেলা স্তরে যৌথ সমন্বয় বৈঠক করা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয়ে রাজ্য সরকার কোনও তথ্য গোপন করতে চায় না।’