‘দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা’, তোপ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-SNS

রাজ্য সরকারের পক্ষ থেকে শব্দবাজি না ফাটানোর কথা বলা হয়েছিল। এমনকী নানা ব্যবস্থার কথা বলা হয়েছিল। পুলিশকে অ্যালার্ট করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরও দেদার শব্দবাজি ফাটল শহরজুড়ে। রাত ২টো নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাজির শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। বাতাসে বারুদের গন্ধে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা কল্লোলিনী কলকাতা। শহরবাসীর বাজি ফাটানো তখনও বন্ধ হয়নি। রাত ২টোর সময়ও বাজির শব্দে ঘুমোনো যাচ্ছিল না। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, আগের থেকে নিয়্ন্ত্রণ হয়েছে।

এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, খোদ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে রাতের কলকাতায় পথে নেমে অনুরোধ করতে হয়েছিল সাধারণ মানুষকে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শব্দবাজি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর মতে শব্দবাজিতে নিয়্ন্ত্রণ করা হয়েছে। এমনকী কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ২০৫জনকে গ্রেপ্তার করেছে। ২৩৮ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে। সেখানে এদিন মুখ্যমন্ত্রী দাবি করলেন, ‘আমার মনে হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ কমিউনিস্টরা করছে। রাত ১০টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ৩-৪টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অন্যদিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বাজি নিয়ে কড়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বেঁধে দেওয়া হয় কিছু নিয়ম-বিধি। সেটাই খতিয়ে দেখতেই রাতেই অভিযানে নামেন পুরমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই কালীপুজো এবং ছটপুজোয় বাজি ফাটানো নিয়ে বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে। শুধু পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়। কিন্তু তা মানতে দেখা যায়নি বেশিরভাগ মানুষজনকেই। তবে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দেন যে, একঘণ্টা বেশি বাজি ফেটেছে বলে যখন সমালোচনা করা হচ্ছে, তখন ডিজে বন্ধ হওয়ার প্রশংসাটাও সরকারের পাওয়া উচিৎ। তাঁর বক্তব্য, ‘আমি অন্তত রাস্তার পাশে কোনও ডিজে শুনিনি।’


তাছাড়া কালীপুজোর রাতে সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলল দেদার শব্দবাজি ফাটানো। আর তার জেরেই রাতের শহরের বাতাসে মিশে যায় বারুদের তীব্র গন্ধ। একিউআই কোথাও ৩০০ আবার কোথায় ৪০০ পার করে গিয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেন, ‘দীপাবলিতে একটু আনন্দ করবে, গ্রিন ক্র্যাকার ফাটাবে, তাতেও এত অসুবিধা! আসলে কিছু লোকের সমস্যা হচ্ছে, এত সনাতনের জাগরণ ঘটেছে বলে। যারা অভিযোগ করছে, তারা হিন্দুদের অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিল। শাস্ত্রকে দূরে সরিয়ে দিয়েছিল। এরা টিকা লাগায় না, এদের হাতে বিপদতারিণীর ডোর নেই। এদের গলায় তুলসী নেই।’