হরপা বানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। আর তার জেরে পশ্চিমবঙ্গের বহু পর্যটক বিপদে পড়েছেন। কেউ আত্মীয় হারিয়েছেন, কেউ স্বজনের মৃত্যু শোকে বিহ্বল, আবার কোথাও গোটা পরিবারই শেষ হয়ে গিয়েছে। এমনকী সবাইকে হারিয়ে পরিবারের একলা সদস্য বেঁচে আছেন এমন নজিরও রয়েছে। পশ্চিমবঙ্গের থেকে যেসব পর্যটক নেপাল বেড়াতে গিয়েছিলেন তাঁদের বেশিরভাগের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে। এই পরিস্থিতিতে নেপালে গিয়ে নিখোঁজ পরিবারগুলির পাশে থাকবে রাজ্য সরকার বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার নবান্ন সভাঘরে নেপালে নিখোঁজদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন বলে জানিয়ে দিলেন। এমনকী দুটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বল্প এবং দীর্ঘমেয়াদি সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেপালের হড়পা বানে নিখোঁজ এই রাজ্যের বহু বাসিন্দা। বুধবার সেই সব পরিবারের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের দুটি পরিবারকে নিজের একমাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যে সমস্ত পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ সেইসব পরিবারের এক সদস্যদের চাকরি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে খবর।
এদিন সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী কোনও বেতন নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই ওই পরিবারকে নিজের বেতন তুলে দিলেন। নিখোঁজ পরিবারগুলির জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি দু’টি পৃথক সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের বেতন দেওয়া থেকে শুরু করে চার পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ হয়েছেন। সেই পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতি চারটি পরিবারের দেখভাল করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কোনও অসুবিধা হলে তাঁরা যোগাযোগ করবেন ওই অফিসারদের সঙ্গে।
তাছাড়া এই বৈঠকে পরিবারগুলির আর্থিক পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কোনও পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ, আবার কোনও পরিবারের রাজমিস্ত্রির কাজ করা উপার্জনকারী সদস্যের সন্ধান মেলেনি। পরিবারের রোজগেরে সদস্য নিখোঁজ হওয়ায় যাঁরা আর্থিক সঙ্কটে পড়েছেন তাঁদের চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের সবসময় যোগাযোগ রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্যাস বুকিং থেকে পেনশন তোলা-সহ যাবতীয় কাজ করার জন্য অফিসাররা সাহায্য করবেন। প্রত্যেক নিখোঁজের পরিবারের সদস্যদের পাশাপাশি একজন করে সিভিক ভলান্টিয়ার এবং একজন পুলিশকর্মীকে হোযাটসঅ্যাপ গ্রুপে যুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।