‘আরও ২০-৩০ লক্ষ লাগলে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব’, অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari Photo-IANS

অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলা পাননি বলে অভিযোগ। তার জেরে রাজ্যজুড়ে চলে বিক্ষোভ, অবরোধ থেকে বিডিও অফিসে তালা দেওয়ার ঘটনা। এই পরিস্থিতির সুযোগ নিতে মাঠে নেমে পড়েছেন বিরোধীরা। শুধু তাই নয়, সমাজমাধ্যমে দেদার পোস্ট হতে শুরু করে কথা না রাখা নিয়ে রিল থেকে শুরু করে নানা ধরণের সরকার বিরোধী পোস্ট। এবার অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্ট মাসেই প্রায় ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও মহিলা এই ভাতার টাকা পাবেন। এমনকী দরকার হলে আরও অর্থ এই প্রকল্পের কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

এই কথা ঘোষণা করার পরই রাজ্যের মহিলারা আশ্বস্ত হয়েছেন। সুতরাং যোগ্য মহিলারা টাকা পাবেন বলে মুখে হাসি ফুটেছে। সমাজমাধ্যমে এখন হট টপিক অন্নপূর্ণা যোজনা। সেখানে নানারকম মন্তব্য ধেয়ে আসছে। এই আবহে বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ নেই। ‘তৃণমূলের বুদ্ধি’র কাছে শুভেন্দু অধিকারী মাথানত করবে না বলেও হুঙ্কার দেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা যোজনার লড়াই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মাত্র ৫০০ টাকা দিতে কতদিন সময় লাগিয়েছিল ২০২১ সালে? তারপর ২০২৪ সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই ৫০০ টাকা হয় ১০০০ টাকা। আর বিধানসভা নির্বাচনের তিন মাস আগে ১৫০০ টাকা করা হয়। যেখানে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের গত দিনের ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়নি।’

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সরকার বিরোধী প্রচার শুরু করে দেন বিরোধীরা। আর তাতে ব্যবহার করা হয় সমাজমাধ্যম। এই পরিস্থিতি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। আর তাই শনিবার ভবানীপুরে দাঁড়িয়ে আরও একবার মুখ্যমন্ত্রী বললেন, ‘জুন মাসে ২৮ লক্ষ মা-বোনেদের টাকা দিয়েছি। জুলাই মাসে অন্নপূর্ণার টাকা পেয়েছেন ১ কোটি ১৯ লক্ষ মহিলা এবং আগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাঁরা অল্প ভাতার উপর নির্ভর করেন, যাঁরা প্রকৃত হকদার, আরও ২০-৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য টাকা লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব। ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।’


তাছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যোগ্যরা সকলে টাকা পাবেন। হকের টাকা থেকে কাউকে বঞ্চিত করা হবে না। সেটা এদিন মনে করিয়ে দিয়েছেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি বলব বিচলিত হবেন না। অনুগ্রহ করে মিডিয়ায় দাঁড়িয়ে লেকচার দেবেন না। শুভেন্দু অধিকারী মাথানত করার মানুষ নয়। একজন যোগ্যও অন্নপূর্ণার টাকা পেতে বাকি থাকবেন না। ভাই শুভেন্দুর উপর বিশ্বাস-ভরসা রাখুন।’