দুর্গাপুজোর আগে একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর পুলিশে বিপুল নিয়োগের কথা জানান তিনি। কর্মবন্ধুদের ভাতা থেকে শুরু করে ছাত্রীদের জন্যও বিরাট ঘোষণা করেন তিনি। তপসিলি জাতি-উপজাতি পড়ুয়াদের খাবারে বরাদ্দ বৃদ্ধি থেকে কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানো, পুলিশে নিয়োগপত্র থেকে মহিলাদের উচ্চশিক্ষায় নতুন প্রকল্প চালু করে তাক লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একাধিক দপ্তর মিলিয়ে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তপশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হতো। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হচ্ছে।
এদিকে একইসঙ্গে জানানো হয়েছে, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সব ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার, পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। তবে শুধুমাত্র অবিবাহিত ছাত্রীরাই এই টাকা পাবেন। ভাতা বাড়ানো হয়েছে কর্মবন্ধু প্রকল্পে। এই নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘খুব দ্রুতই আরও অনেক ক্ষেত্রে কাজ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে একাধিক সরকারি দপ্তরে ১৪ হাজারের বেশি নিয়োগ হবে। কর্মসংস্থান নিয়ে তো মানুষের বিরাট প্রত্যাশা আছে। গত সরকার চাকরি দেয়নি। চাকরি চুরি করেছে। আগের সরকার থাকলে এই যে ১২ হাজার কনস্টেবলের সিলেকশন হল, পিএসসিতেও পরীক্ষা হল, অনেকগুলি পরীক্ষা হয়ে গিয়েছে। পিএসসি এখন ফুলদমে সব বাকি থাকা পরীক্ষা নিচ্ছে। আমরা এক লক্ষ চাকরি দেব। নিশ্চিন্তে থাকুন। আগের সরকার এলে এটা কখনওই হতো না। ওবিসি জট থেকেই বেরোতে পারত না। আমরা এই জট থেকে বেরিয়ে এসছি। এসএসসিও কাজ করা শুরু করেছে।’
অন্যদিকে নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাইকর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। অক্টোবর মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে একাধিক থানাকে ৪০০ গাড়ি এবং ৪৫০ মোটরবাইক দেওয়া হবে। ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কর্মবন্ধু প্রকল্পে ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার করেছি। একাধিক দপ্তর মিলিয়ে ১৪ হাজার ৪৫৪টি নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। যা পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুমেন্ট বোর্ড ইত্যাদির মাধ্যমে হবে।’
তাছাড়া বনদপ্তর, দমকল বিভাগ, কারাবিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দপ্তরে চাকরি পাবেন যোগ্যরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘ছয় থেকে আট মাসের জন্য সব স্তরের পরীক্ষা সম্পূর্ণ করার পরে এঁরা নিয়োগ পেয়ে যাবেন। আগামী ১১ তারিখ রাজ্য পুলিশের বিশাল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ১২ হাজার পদের অনুমোদনপত্রে স্বাক্ষর ও আনুমানিক ৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হবে।’