প্রবল গরম হোক কিংবা বর্ষা অথবা শীত, যে কোনও সময়তেই বাঙালির চা মাস্ট। সকালে চায়ে চুমুক না দিলে আজও অনেক বাঙালির দিন শুরু হয় না। কলকাতাতেও এমন অনেক চায়ের দোকান রয়েছে, যেগুলি অনেক পুরোনো। প্রায় শতাব্দী প্রাচীন বলা চলে। তার মধ্যে রয়েছে চিত্তবাবুর দোকান। এবার সেই দোকান হেরিটেজ তকমা পেতে চলেছে। চিত্তবাবুর দোকান-সহ আরও ৬টি পুরোনো দোকান হেরিটেজ তকমা পেতে চলেছে।
সোমবার টি বোর্ড চা নিলাম সংক্রান্ত একটি আলোচনাচক্রের আয়োজন করেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। চা নিলাম ব্যবস্থার উন্নতি ও সংস্কার নিয়ে কয়েকটি পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে অনলাইন নিলামের উপরেও জোর দেওয়া হচ্ছে। হেরিটেজ চায়ের দোকানের তালিকায় রয়েছে ডেকার্স লেনের চিত্ত বাবুর দোকান, বলবন্ত সিং ধাবা, কোনা দোকান, ন্যাশনাল ইকনমিক রেস্টুরেন্ট, শ্রীরামপুরের নরেশবাবুর টি স্টল।
তবে চিত্তবাবুর দোকান চায়ের পাশাপাশি নানা খাবারের জন্যও বেশ জনপ্রিয়। এখানে নিত্যদিন অগুনতি অফিসযাত্রী ভিড় করেন। জানা গিয়েছে, রাজ্যের শতবর্ষব্যাপী চায়ের দোকানগুলি টি বোর্ড নতুন ভাবে গড়ে তুলতে চায়। তারা ওই শতাব্দী প্রাচীন চায়ের দোকানগুলির সৌন্দর্যায়ন করবে। একেবারে দোকানগুলির ভোল বদলানোর উদ্যোগ নিয়েছে টি বোর্ড। ইতিমধ্যে এমন পদক্ষেপ শুরু হয়েছে। চা ব্যবসার লাইসেন্স, অনলাইন শংসাপত্র দেওয়ার উপরেও জোর দেওয়া হয়েছে।
টি বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান বলেন, ‘আমরা চাইছি হেরিটেজ দোকানগুলির সৌন্দর্যায়ন করতে। কোনও দোকান মালিক চাইলে আমরা তা করে দেব। এর জন্য কলকাতার সাতটি দোকানকে চিহ্নিত করা হয়েছে। এরকম আরও দোকানের খোঁজ চলছে।’