‘দিদির স্কিম’ নয় কেন্দ্রের প্রকল্প, আবাসের টাকা বিলিতে পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

Image: SNS

আবাস প্রকল্পের প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের হাতে তুলে দিতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) । তাঁর দাবি, দীর্ঘদিন ধরে উপভোক্তাদের মনে এই আশঙ্কা তৈরি করা হয়েছিল যে সরকার বদলালে তাঁরা আর আবাস প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান সরকার সেই ধারণা ভেঙে দিয়েছে।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, কেন্দ্র কখনও কোনও প্রকল্পকে কোনও ব্যক্তি বা দলের নামে প্রচার করে না। অথচ এত দিন রাজ্যে বিভিন্ন প্রকল্পকে ‘দিদির স্কিম’ বা ‘পিসির স্কিম’ বলে প্রচার করা হয়েছে। তাঁর কথায়, ‘আজ আবাস প্রকল্পের টাকা দেওয়ার মাধ্যমে প্রমাণ হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi) নেতৃত্বে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলা।’

আরও পড়ুন: আসানসোলে ইএসআইসি মেডিক্যাল কলেজ, শমীকের প্রশ্নে জানাল কেন্দ্র


আবাস প্রকল্পে অনিয়ম রুখতে সরকারের অবস্থানও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি জানান, সরকার গঠনের তিন মাসের মধ্যেই মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। সেই যাচাইয়ে অযোগ্য এবং ভারতীয় নাগরিক নন, এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই কাজের জন্য দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং তাঁর দলকে ধন্যবাদও জানান তিনি (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, বর্তমানে সিমেন্ট ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় বাড়ি নির্মাণের খরচও বেড়েছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, ‘ভিজিএফ/ম্যানপাওয়ার’ সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে শ্রমিকের সহায়তা মিলতে পারে। পাশাপাশি বিদ্যুতের খরচ কমাতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় নাম নথিভুক্ত করারও আহ্বান জানান তিনি। এতে ভর্তুকির সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ করেন।

রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গও এ দিন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে বিভাজনের এক বেদনাদায়ক ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই অতীতের স্মৃতি নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘আর কতদিনে বিচার?’ সিবিআইকে তোপ হাইকোর্টের, আরজি কর-কাণ্ডে ‘নতুন করে তদন্ত’ ভাবনার ইঙ্গিত

আবাস প্রকল্পে যাঁদের নাম এখনও চূড়ান্ত হয়নি, তাঁদেরও আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তাদেরও অর্থ দেওয়া হবে। তাঁর অভিযোগ, পূর্বতন সরকার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে বাংলার মানুষকে বঞ্চিত করেছে। আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্র প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও অভিযোগ করা হয়েছে যে কেন্দ্র অর্থ দিচ্ছে না।

মুখ্যমন্ত্রী  (Suvendu Adhikari) জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর আশ্বাস অনুযায়ী, রাজ্য যত সংখ্যক নতুন আবাসের প্রস্তাব পাঠাবে, কেন্দ্র সেই অনুযায়ী বরাদ্দ দেবে। তিনি বলেন, উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে নাম, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, শুধুমাত্র সরকারি নির্দেশিকা মেনে যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। পুজোর পর কয়েক লক্ষ নতুন উপভোক্তার হাতে আবাস প্রকল্পের অর্থ তুলে দেওয়ার লক্ষ্যে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

দেখুন: সুরাটের কাঁচামাল, বাংলার কারিগর, শিল্পের নতুন সমীকরণ ব্যাখ্যা শুভেন্দুর