রাতের কলকাতার রাস্তায় চলন্ত গাড়ির ভিতরেই রচিত হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ড। চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়ি ছিনতাই, তরুণ ব্যবসায়ীকে অপহরণ, টাকা-পয়সা লুটের পর মাথায় গুলি করে গলা কেটে খুন। ২০০৪ সালের সেই নৃশংস হত্যাকাণ্ডের ২২ বছর পরেও আইনের হাত থেকে রেহাই পেলেন না অভিযুক্তেরা। বড়বাজারের ব্যবসায়ী শম্ভু চৌধুরীকে অপহরণ করে খুনের মামলায় তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। প্রত্যক্ষদর্শী গাড়ি চালকের সাক্ষ্য, শনাক্তকরণ প্রক্রিয়া এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট—সবকিছু খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত আদালতের। মামলার বিবরণে জানা গিয়েছে, ঘটনাটি ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারির। বয়স তখন মাত্র ২৫। রবীন্দ্র সরণিতে নিজের দপ্তরের কাজ শেষ করে রাত প্রায় ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন বড়বাজারের তরুণ ব্যবসায়ী শম্ভু চৌধুরী। সঙ্গে ছিলেন গাড়িচালক উজ্জ্বল হালদার। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাঁর।
চিৎপুর পেট্রল পাম্পের সামনে আচমকাই তাঁদের গাড়িতে উঠে পড়ে তিন দুষ্কৃতী। চালকের গলায় ছুরি ঠেকিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়। পিছনের আসনে শম্ভুকে দু’জনের মাঝখানে বসিয়ে শুরু হয় মারধর। তাঁর কাছে থাকা টাকা ও মূল্যবান সামগ্রীর খোঁজে চলে জিজ্ঞাসাবাদ। আরজি কর রোডের কাছে গাড়ির ডিকি থেকে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুট করে নেয় দুষ্কৃতীরা।
এরপর ক্যানাল ওয়েস্ট রোডের কাছে গাড়ি থামানো হয়। অভিযোগ, মহম্মদ নওশাদ শম্ভুর মাথায় গুলি চালান। অন্য অভিযুক্ত শামসের আলি ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন। গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন চালক উজ্জ্বল। তাঁকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তিন অভিযুক্ত।
পরে শম্ভুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তদন্তে নেমে মহম্মদ নওশাদ, শামসের আলি এবং শেখ আবদুল হামিদকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১২ সালে আলিপুর আদালত তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। সেই সাজাকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হন দোষীরা। তাঁদের যুক্তি ছিল, প্রত্যক্ষদর্শী গাড়িচালক অভিযুক্তদের যথাযথভাবে শনাক্ত করতে পারেননি। অস্ত্র উদ্ধারের প্রমাণও যথেষ্ট নয়।
কিন্তু সেই যুক্তি মানতে নারাজ ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ঘটনার সময় চিৎপুর পেট্রল পাম্পের হ্যালোজেন আলো এবং কলকাতার রাস্তায় পর্যাপ্ত আলোর মধ্যে গাড়িচালক অভিযুক্তদের দেখেছিলেন। ফলে তাঁদের চিনতে ভুল হওয়ার সম্ভাবনা বিশ্বাসযোগ্য নয়।
শুধু প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যই নয়, মামলার ফরেনসিক প্রমাণও বিশেষ গুরুত্ব পেয়েছে আদালতে। গাড়ি থেকে উদ্ধার হওয়া গুলির খোলের সঙ্গে উদ্ধার হওয়া পিস্তলের ব্যালিস্টিক পরীক্ষায় মিল পাওয়া গিয়েছে। আদালতের মতে, এই প্রমাণও অপরাধের সঙ্গে অভিযুক্তদের যোগসূত্র প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, শনাক্তকরণ এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল হাই কোর্ট।