বিদেশ যাওয়ার আগে স্বস্তি অভিষেকের, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট

File Photo

ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্ট অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল। তৃণমূল সাংসদ ফের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে অভিষেকের অ্যাকাউন্ট ফের অ্যাক্টিভ করা হয়েছে বলে এদিন আদালতে ব্যাঙ্কের তরফে জানানো হয়।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে বলেন, ‘অভিষেকের ছবি দেখতে চাইছে। অথচ ছবি তোলা হয়নি।’ এর প্রত্যুত্তরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘আমরা কখনও বলিনি ওঁনাকে সশরীরে আসতে হবে।’ বিচারপতি কৃষ্ণা রাও-য়ের পর্যবেক্ষণ, ‘আপনারা কারোর বিরুদ্ধে পদক্ষেপ নিলে সেটা আগে জানান। নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর অ্যাকাউন্ট ব্লক করুন। এটা কোনও সমাধান নয়।’

অভিষেকের আইনজীবী বলেন, ‘কেওয়াইসি না হলে আংশিক ফ্রিজ করা যায়। তাও নোটিশ দেওয়ার পর। আরবিআই গাইডলাইন মেনে কাজ করতে হবে। ব্লক কেন করা হল?’ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরিপেক্ষিতে জানায়, ‘২০১০ সালের গাইডলাইন দেখুন। আমাদের তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হ্যারাসের কোনও ইচ্ছা নেই। এটা টেম্পোরারি ব্লকিং।’


এরপরেই অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘এই মামলার নিষ্পত্তি করা হোক। তবে এই হ্যারাসমেন্টের জন্য টোকেন কস্ট চাপানো হোক।’ দু’পক্ষের কথা শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও জানান, আপাতত পুনরায় নির্দেশের প্রয়োজনীয়তা নেই। এরপরেই তিনি সোমবার মামলার নিস্পত্তি করে দেন।

উল্লেখ্য, বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়ার জন্য সম্প্রতি আদালত থেকে অনুমতি মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিদেশে যাওয়ার আগেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এরপরেই কলকাতা হাইকোর্টের দারস্থ হন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ভর্ৎসনার মুখে পড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেওয়াইসি (KYC)-র জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও দু’টি ক্রেডিট কার্ড সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে বলে এদিন আদালতে ব্যাঙ্কের তরফে জানানো হয়। তারপরেই আদালতে প্রশ্নের মুখে পড়ে বেসরকারি ব্যাঙ্কের ভূমিকা।

ব্যাঙ্কের তরফে আদালতে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘিরে ইডির তদন্ত চলছে। তবে প্রথমে পাঠানো চিঠিতে সেই কারণ স্পষ্ট ভাবে জানানো হয়নি বলেই আদালতে প্রশ্ন ওঠে। ব্যাঙ্কের বক্তব্য শোনার পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি জানান, ব্যাঙ্কের তরফে আবেদনকারীকে কারণটি যথাযথভাবে জানানো হয়নি। শুধু কেওয়াইসির কথা বলে তাঁকে মুখোমুখি হতে বলা হয়েছে। তবে অভিষেককে ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি করতে বলা হলেও, পরে আদালতে জানানো হয়, তাঁর বাড়িতেই গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত ব্যাঙ্ক।

আরও পড়ুন: অভিষেকের অ্যাকাউন্ট-কার্ড বন্ধ! হাইকোর্টের ধমকের পর বাড়িতে গিয়ে কেওয়াইসি করবে ব্যাঙ্ক

এরপরে মামলাটি আগামী সোমবার ফের শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। আর সোমবার দু’পক্ষের কথা শুনে অভিষেকের ব্যাক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট।