বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষের বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট। তাঁর মন্তব্য কেন ফৌজদারি আদালত অবমাননার পর্যায়ে পড়বে না এবং কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে জবাব দিতে হবে অভিষেককে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাও এই নির্দেশ দেন। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। বিচারপতিদের একাংশের রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েচে বলেও ইঙ্গিতি দিয়েছিলেন তিনি। বিষয়টি আদালতের নজরে এলে গত বৃহস্পতিবারই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। এ বার তাঁর পর্যবেক্ষণ, অভিষেকের ওই মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার সামিল। বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা হিসাবেও বিষয়টিকে দেখছে আদালত।
উল্লেখ্য, নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়েছেন অভিষেক। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন তাঁর সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, সাক্ষাৎকারের বিচারপতিদের নাম উল্লেখ করে তাঁদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মামলাকারী। এই ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল। পাশাপাশি, অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননানর মামলা শুরু করার আর্জিও জানান তিনি।
মঙ্গলবার আদালত জানায়, অভিষেক শুধু একজন সাংসদ নন, সংশ্লিষ্ট মামলার আবেদনকারীও। ফলে বিচারব্যবস্থা এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাঁর মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদালতের কাজে প্রভাব বিস্তার এবং বিচারপতিদের বিরুদ্ধে কলঙ্কজনক অভিযোগ তোলার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার শুনানির সময় অভিষেকের আইনজীবীকেও কড়া বার্তা দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি প্রশ্ন তুলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত বলে অভিষেক মনে করেন, তার তালিকা কেন তিনি আদালতে জমা দিচ্ছেন না। বিচারপতির কথায়, অভিষেক নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাই তাঁকে বিচারপতিদের নামের তালিকা দিতে বলা হোক। সেই তালিকা খতিয়ে দেখবেন তিনি।
আরও পড়ুন: উত্তরখণ্ডে নদীখাতে পড়ল বাস, মৃত ৮, আহত বেশ কয়েকজন
শুনানিতে বিচারপতি আরও বলেন, কোনও বেঞ্চে স্বস্তি না পেলে মামলাকারী অন্য বেঞ্চে দ্বারস্থ হতে পারে। ছুটির দিনেও একাধিক বেঞ্চ কাজ করছে। একজন শিক্ষিত সাংসদের কাছে থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। এমনকী, বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর অভিষেক লিখে দিচ্ছেন কি না, তা নিয়েও কটাক্ষ করেন বিচারপতি।
অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলার শুনানি গত বৃহস্পতিবার হয়। ওই বিষয়ে রায়দান স্থগিত রাখা হয়েছে। তবে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত আগামী দু’সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করার জন্য রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=qzVMGxsHSelv28kF” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>