আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার সায় নেই হাইকোর্টের, স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি বিচারপতির

File Photo

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙার ঘটনায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙতে পারবে না প্রশাসন। আগামী ৮ সেপ্টেম্বর সাড়ে ৩টের সময়ে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেন বিচারপতি শুভ্রা ঘোষ।

বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আমতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস নামে পরিচিত। রাজ্যের পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস ভাঙার উপক্রম করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত আদালতে জানিয়েছেন, বেআইনি ভাবে জমি দখল করে সেখানে পার্টি অফিস করা হয়েছে। গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে একজন স্থানীয় ব্যক্তি সেই অভিযোগ করেন। সংশ্লিষ্ট জমির দাগ নম্বর ৫০৯ ও ৫১২-এ অবৈধ নির্মাণের অভিযোগ। নির্ধারিত অনুমোদনের ৬.৫ মিটার বেশি নির্মাণের অভিযোগ পত্রে তুলে ধরেছেন।


অভিষেকের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষের মন্তব্য, ‘পঞ্চায়েতকে এই মামলায় যুক্ত করা হয়েছে?’ বিচারপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবী কিশোর দত্ত জানিয়েছেন, ‘হ্যাঁ।’ এরপর তিনি জানান, গত ১৫ জুলাই একজিকিউটিভ অফিসার রিপোর্ট দেন। বাড়ির মালিক মতি মল্লিকের স্ত্রী ওই দিন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বক্তব্য দেন। মতি মল্লিকের থেকে বাড়িটি কেনা হয়েছিল।

নিয়ম অনুযায়ী, যার ক্ষতি হয় তাঁকে শুনানির সুযোগ দিতে হয়। এক্ষেত্রে মতি মল্লিক বা তাঁর স্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যক্তি নয়। উচ্ছেদের আগে মালিক বা জবর দখলকারী কে জানাতে হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষের আইনজীবী রূদ্র নন্দী আদালতে বিস্ফোরক অভিযোগ করেন, পার্টি অফিসের ভেতর থেকে অনেক কিছু বের করে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। একমাস হতে গেল অথচ পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা সেই জিনিসপত্রের তালিকা আজও দেওয়া হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা টুলুর, খারিজ মামলা, আদালতে গোপন রিপোর্ট জমা রাজ্যের

যদিও এ বিষয় রাজ্যের এডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, ‘আমাদের সময় দেওয়া হোক।’ এডভোকেট জেনারেলের আদালতের সময় চাওয়া প্রসঙ্গে বিচারপতি নির্দেশ দেন, আগামী ১৮ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত আমতলার অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশে বজায় থাকবে। পাশাপাশি আগামী ৮ সেপ্টেম্বর সাড়ে ৩টের সময়ে মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করেন বিচারপতি শুভ্রা ঘোষ।