জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের, তলব ভিডিও রেকর্ডিং

Jahangir Khan-Calcutta High Court Photo-SNS

জেলাশাসকের নির্দেশে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা শুরু হয় দু’দিন আগে। প্রশাসন বাড়ি ভাঙতে শুরু করে। কিন্তু শুক্রবার সেই কাজে স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন দুপুরের পর থেকে আগামী সোমবার দুপুর ২টো পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন তিনি। সরকারি জমিতে বহুতল তৈরির অভিযোগ ছিল জাহাঙ্গির খানের বিরুদ্ধে। আর জাহাঙ্গির এবং তাঁর স্ত্রী জেলে থাকাকালীনই সেই বাড়ি ভাঙার কাজও শুরু হয়েছিল। তবে আদালতের নির্দেশে আপাতত স্থগিত থাকছে ওই বাড়ি ভাঙার কাজ। ওই বাড়ি ভাঙার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরের আসবাব থেকে শুরু করে নানা জিনিস আগে বের করে আনা হয়। তার পরে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। কিন্তু জাহাঙ্গিরের অভিযোগ, তাঁকে অথবা তাঁর পরিবারের কাউকে নোটিস না দিয়েই বাড়ি ভাঙতে শুরু করেছে প্রশাসন। তাই আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গির খানের আইনজীবী। এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি শুভ্রা ঘোষের কড়া প্রশ্ন, মামলাকারী যদি জেলবন্দি অবস্থায় থাকেন তাহলে ওই বাড়িটি যে জাহাঙ্গিরেরই সেটা কীভাবে চিহ্নিত করা সম্ভব হল? আগামী সোমবার আবার এই মামলার শুনানি আছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ততদিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।

এই শুনানিতে জাহাঙ্গির খানের আইনজীবীর কাছে বাড়ির অনুমোদিত নকশা দেখতে চান বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতির স্পষ্ট বক্তব্য, বিল্ডিং প্ল্যান দেখালেই সমস্যার সমাধান হতে পারে। জবাবে জাহাঙ্গির খানের আইনজীবী জানান, মক্কেল এবং তাঁর স্ত্রী দু’জনেই জেলে আছেন। তাঁদের ছেলে ওই বাড়িতে থাকেন না। জাহাঙ্গির জেলে আছেন জেনেও জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর কাছে নোটিস পৌঁছনোর কোনও ব্যবস্থা করা হয়নি। এই কথা শুনে বিচারপতি শুভ্রা ঘোষ সরাসরি জানতে চান, কীভাবে বাড়ি চিনলেন? উনি তো এখন জেলে রয়েছেন। বাড়ি ভাঙার আগে কি আইনি প্রক্রিয়া মানা হয়েছিল? যদি মানা হয়ে থাকে তাহলে জাহাঙ্গিরের বাড়িতে পাঠানো সেই নোটিস কোথায়?’


তাছাড়া রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র জানান, স্থানীয় দু’জন বাসিন্দা ওই বাড়ি চিহ্নিত করে দিয়েছিলেন। তবে তার আগেই ডাকযোগে মাধ্যমে সংশ্লিষ্ট নোটিস পাঠানো হয়েছিল। যদিও রাজ্যের এই দাবির তীব্র বিরোধিতা করে আইনজীবী কিশোর দত্তের পাল্টা সওয়াল, যে নোটিসের কথা বলা হচ্ছে, তাতে কোনও স্বাক্ষরই নেই। শুধু তাই নয়, নথিপত্রে জাহাঙ্গির ওই বাড়ির ঠিকানা উল্লেখ করলেও, বাস্তবে তিনি অন্যত্র বসবাস করতেন। তখন বাড়ির মালিকানা এবং অনুমোদিত নকশা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বাড়ি যে তাঁর মক্কেলেরই তার প্রামাণ্য নথি দেখতে চান তিনি। মামলায় নকশা চুরি যাওয়ার কথা উল্লেখ করা হলেও আগে কেন সেই অভিযোগ করা হয়নি, থানায় কেন অভিযোগ দায়ের হয়নি, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। প্রশাসনের নোটিস দেওয়ার পদ্ধতি নিয়েও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা চেয়ে বিচারপতির প্রশ্ন, ‘জাহাঙ্গির জেলে রয়েছেন জানার পরেও তাঁকে নোটিস ধরানোর চেষ্টা করা হয়নি কেন?’ বাড়ি ভাঙার আগে প্রশাসনের পক্ষ থেকে যে নোটিস জারি করা হয়েছিল, আদালতে তার ভিডিও রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি।