ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা হয়। তারপর তা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগের স্থগিতাদেশের পর এদিন শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সোমবার ওই স্থগিতাদেশের মেয়াদ ১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। একইসঙ্গে বাড়ি ভাঙার প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও জাহাঙ্গির খানের আইনজীবীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে উচ্চ ন্যায়ালয়। ওই বাড়ি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তুলে ভাঙতে শুরু করে জেলা প্রশাসন এবং পৌরসভা।
সোমবার শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু স্টিল ছবি জমা দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। যদিও সেটা দেখে সন্তুষ্ট হয়নি উচ্চ ন্যায়ালয়। আর তারপরই জাহাঙ্গিরের বাড়ি ভাঙা স্থগিত রাখার নির্দেশের মেয়াদ বাড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তা বাড়িয়ে মামলার পরবর্তী শুনানি ওইদিনই হবে বলে জানিয়ে দেওয়া হয়। ওইদিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়। এমনকী জাহাঙ্গিরের বাড়ি ভাঙার ক্ষেত্রে দু’পক্ষেরই হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট। বাড়ি ভাঙার নোটিস দেওয়ার সময় তার ভিডিও রেকর্ডিং করার নিয়ম আছে। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। তাই গত ১৩ নভেম্বরের শুনানিতে রাজ্য সরকারকে সেই ভিডিও রেকর্ডিং পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশ অনুযায়ী এদিন শুনানিতে ভিডিওর বদলে কয়েকটি স্টিল ছবি পেশ করা হয়।
এই বাড়ি ভাঙা নিয়ে সওয়াল জবাব শোনেন বিচারপতি। তারপর বিচারপতি শুভ্রা ঘোষের বক্তব্য, ওই বাড়িতে নোটিস দেওয়ার সময় যাওয়া ব্যক্তিরা বাড়ি চিহ্নিত করেননি। ছবিতে শুধু একটি কলাপসিবল গেট দেখা যাচ্ছে। বাকি কিছুই বোঝা যাচ্ছে না। তখন জাহাঙ্গিরের আইনজীবী জানান, নোটিস দেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিধি মানার কথা থাকলেও সেসব মানা হয়নি। বিচারপতি জানান, ছবির ভিত্তিতে বাড়ির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা মিলছে না। তাই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে বাড়ি ভাঙার প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
তাছাড়া আপাতত জেলে আছেন জাহাঙ্গির খান। তাঁর বিরুদ্ধে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ আছে। আর বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের ফলতার বাড়ি ভাঙার নির্দেশ দেয় নিম্ন আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান জাহাঙ্গির। গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরের আসবাব-সহ নানা জিনিস আগে সরানো হয়। তার পরে শুরু হয় ভাঙার কাজ। আর জাহাঙ্গিরের অভিযোগ, তাঁকে বা তাঁর পরিবারের কাউকে নোটিস না দিয়েই বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন।