দক্ষিণ কলকাতার স্কুলে রক্তারক্তি কাণ্ড, ধারালো বস্তু দিয়ে সহপাঠীকে আঘাত

Photo: Linkdin

দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ধারালো বস্তু দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এই ঘটনায় স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে দ্রুত রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গলায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবম শ্রেণির দুই বিভাগের ছাত্রের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও বচসা হয়। এরপরই তাদের মধ্যে এক ছাত্র ধারালো বস্তু দিয়ে অপরজনের গলায় আঘাত করে বলে অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ছাত্রটি অটিজমে আক্রান্ত। তবে ঠিক কী কারণে ছাত্রদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল তা জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) কুণাল আগরওয়াল জানিয়েছেন, স্কুলের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


জানা গিয়েছে, পুলিশ জুভেনাইল জাস্টিস বোর্ডে অভিযোগ পাঠাবে। সেই বোর্ডই ঠিক করবে কোনও সেকশন দেওয়া হবে কি না। অভিযুক্তের কাউন্সিল চলছে। পুলিশ সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত বইয়ের পাতা ছিঁড়ে দিয়েছিল। বুধবার ওই ছাত্র ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে যায়। অভিযোগ, তখনই অভিযুক্তকে ডাকতে সে ধারালো বস্তু দিয়ে ওই ছাত্রকে আঘাত করে।

আরও পড়ুন: মায়ের আরাধনায় ভিআইপি তকমা নয়, এক ছাতার তলায় ৭৭৮ পুজো

প্রশ্ন উঠছে, স্কুলের ভিতরে এক ছাত্রের হাতে কীভাবে ওই ধারালো বস্তু এল। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হোমটাস্কের কাজে ব্যবহৃত ছুরি দিয়েই এই ঘটনা ঘটেছে।