সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি! এন্টালি থানায় তালা দেওয়ার অভিযোগে শোকজ

Entally PS Photo-SNS

খুঁটিপুজো ঘিরে এলাকায় তুলকালাম কাণ্ড ঘটেছিল। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের জেরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল এন্টালি এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এমনকী এন্টালি থানায় তালা লাগিয়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি নেতা বলে অভিযোগ। ঠিক দু’সপ্তাহ পর অবশেষে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপি। বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক বরখাস্ত করল বিজেপি। ইতিমধ্যেই তাঁকে শোকজ করে জানানো হয়, কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে সেই কাজ করেছিলেন? আগামী সাতদিনের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে হবে। শীর্ষ নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সাসপেন্ডই থাকবেন।

এই ঘটনা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। দলের বদনাম হয় এমন কোনও কাজ কেউ করলে, সে যত বড়ই নেতা হোক তাঁকে রেয়াত করা হবে না বলে আগেই জানিয়েছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেটাই এবার দেখা গেল। দল বিরোধী কাজের অভিযোগে  ৭দিনের মধ্যে অভিযুক্ত নেতার জবাব তলব করল দল। সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ছিলেন সুদীপ রাম। এই নেতার বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ করা-সহ একাধিক দল বিরোধী কাজের অভিযোগ উঠেছিল।

রাজ্যে বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। পুলিশের উপরে চড়াও হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় গুন্ডাদমন আইন পাশ করানোর সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশকে টেবিলের তলা থেকে বের করে গুন্ডাদের টেবিলের তলায় ঢোকানোর সময় এসেছে। কাউকে রেয়াত করা হবে না। কিন্তু গত ১২ আগস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। সেখান থেকেই বিতর্ক দেখা দেয়। আর ১৪ আগস্ট রাতে পার্কে ঢুকে খুঁটি উপড়ে ফেলে দেয় কেউ। এই ঘটনা নিয়ে বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে দলেরই আর এক গোষ্ঠী। তা থেকে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের একটি গোষ্ঠী আছে। আবার দুই ভাই দিলীপ রাম এবং সুদীপ রামের গোষ্ঠীও আছে। পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দিলীপ এবং সুদীপের গোষ্ঠী দুর্গাপুজো করার পরিকল্পনা করেছিল। খুঁটিপুজোও হয়েছিল। কিন্তু তাতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও প্রিয়াঙ্কা গোষ্ঠীর বক্তব্য, খুঁটিপুজো নিয়ে দিলীপ-সুদীপের গোষ্ঠীর সঙ্গে বচসা হয় স্থানীয় বাসিন্দাদের।


তাছাড়া এই বিবাদের জেরে স্বাধীনতা দিবসের দিন অশান্তি ছড়ায়। দিলীপ-সুদীপের শিবিরের অনুষ্ঠানে কয়েকজন চড়াও হয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এন্টালি থানা ঘেরাও করে আক্রান্ত গোষ্ঠীর লোকেরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। তখনই থানার গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মাঝরাতে এন্টালি থানায় পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারা। তাঁদের মধ্যস্থতায় শেষপর্যন্ত গোলমাল মেটে। এবার সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। এটা করার নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলে সূত্রের খবর।