এই রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গ। সেটা বাংলা হবে না। এই নিয়ে বিধানসভায় আসছে বিলও। বিজেপি চায় রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গ। তৃণমূল সরকারের জমানায় রাজ্যের নাম বাংলা হোক এমনই দাবি তোলা হয়েছিল। তার জন্য বিলও পাশ করা হয়েছিল রাজ্য বিধানসভায়। কিন্তু এখন সেসব অতীত। কারণ এখন রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি সরকার এসেছে। তারা বাংলা এবং ইংরেজি ভাষাতে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার পক্ষপাতী। তাই বিল নিয়ে আসা হচ্ছে। যা সহজেই পাশ হয়ে যাবে সংগরিষ্ঠতার নিরিখে। সোমবার এমনই কথা জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিকে অন্যান্য অনেক রাজ্যের নাম পরিবর্তন হয়েছে। সেখানে বাংলা ভাষায় কথা বলে রাজ্যের আপামর জনগণ। কিন্তু তারপরও রাজ্যের নাম পরিবর্তন হয়ে বাংলা হবে না। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা, কোনও পশ্চিমবাংলা নয়। এবার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে রাজ্যের।’ আগস্ট মাসে কেরল রাজ্যের নাম বদলে কেরলম হলে পশ্চিমবঙ্গে নাম বাংলা হবে না কেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তার ব্যাখ্যা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। ওয়েস্ট বেঙ্গলের বদলে শুধু বাংলা করলে সে দিন যাঁরা শহিদ হয়েছিলেন, রক্তস্নান করেছিলেন, তাঁদের অবদান বিস্মৃত হয়ে যাব।’
অন্যদিকে রাজ্যসভায় এই সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় এই রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখার কথা বলেছিলেন শমীক। কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে আগে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করতে হয়। আগে তা হয়েছিল। এবারও তা হতে চলেছে। আগে ছিল বাংলা নামের দাবি। এবার সেটা পশ্চিমবঙ্গই রাখতে চায় বিজেপি। সেই বিল আনা হচ্ছে বলে খবর। যা নিয়ে শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাসের সঙ্গে এই নামের সম্পর্ক রয়েছে। তাই একমাত্র এই নামই যাতে থাকে সেটার জন্য বিল আনা হচ্ছে আসন্ন অধিবেশনেই।’
তাছাড়া রাজ্যের নাম বদলের কথা বামফ্রন্ট সরকারের আমলেই ভাবা হয়েছিল। ১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় প্রস্তাব এসেছিল, রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করা হোক। কিন্তু ১৭ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বদল আনতে চেয়ে বিল নিয়ে আসেন রাজ্য বিধানসভায়। সেখানে বাংলা রাজ্যের নাম হোক বলে উল্লেখ করা হয়। আর তা পাশও হয়ে যায়। বাংলা ভাষায় রাজ্যের নাম হবে বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বঙ্গাল। কিন্তু কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, একটিই নাম রাখতে হবে রাজ্যের। তারপর ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় আবার প্রস্তাব পাশ হয়। যেখানে নাম ছিল বাংলা। কিন্তু তারপরও নাম বদল হয়নি। এবার আবার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার বিল আসছে।