নয়াদিল্লির রাজপথে ইন্ডিয়া জোট গড়ে সমাবেশ করতে দেখা গিয়েছে নেতা-নেত্রীদের। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। গোটা দেশে এখন বিজেপি বিরোধী হাওয়া বইছে বলে দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ভোট চুরির অভিযোগ উঠেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তা নিয়েই দেশজুড়ে আন্দোলন দেখা দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস-তৃণমূল একসঙ্গে জোট বেঁধে লড়াই করলে কি বিজেপি চাপে পড়ে যাবে? এমন প্রশ্নই করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। তিনিও অঙ্ক কষে ফলাফল প্রকাশ করে দিয়েছেন সংবাদমাধ্যমের সামনে।
কবি শক্তি চট্টোপাধ্যায়ের বেলেঘাটার বাড়ি গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। কবিপত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় অসুস্থ খবর পেয়ে তাঁকে দেখতেই গিয়েছিলেন তিনি। ফেরার পথেই এই ‘জোট’ নিয়ে প্রশ্ন করা হয় বিজেপির রাজ্যসভার সাংসদকে। তখনই তিনি রীতিমতো অঙ্ক কষে ফলাফল সামনে প্রকাশ করে দেন। আর তাতেই বোঝা যায়, রাজনীতির অঙ্কে এই বাম-কংগ্রেস-তৃণমূল সাফল্য পাবে না। এই জোট হতে পারে ধরে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। কারণ কদিন আগে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনের সময় এক মঞ্চে হাজির হয়ে সিপিএম, কংগ্রেসকে তৃণমূল শিবিরের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
আর তাই রাজ্য-রাজনীতির ময়দানে বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেই সূত্রেই প্রশ্ন করা হয় বিজেপির রাজ্য সভাপতিকে। শমীক ভট্টাচার্য অঙ্ক কষে ফলাফল সামনে পেশ করে বলেন, ‘শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য হয়। এরা সবাই গৃহীত, পরিক্ষিত, পরিত্যক্ত শক্তি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির আঙ্গিকে এরা অপাংক্তেয়। তবে চেষ্টা করতে পারে।’ এই অঙ্কের ফলাফলই বলে দিচ্ছে জোট করেও এরা শূন্য পাবে। যদিও তিনি বিরোধী রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, তারা চেষ্টা করে দেখতে পারে। যদিও বিজেপি বিরোধী শক্তিকে এক হওয়ার চেষ্টায় লেগে রয়েছেন অনেকে। সিপিএমের সদ্য শূন্যের গেরো কেটেছে। কংগ্রেসের সিপিএমের থেকে অবস্থা ভাল। আর তৃণমূলের বিধায়ক সংখ্যা বাম-কংগ্রেসের থেকে বেশি।
তাছাড়া চলতি বছরে যদি কলকাতা পুরসভার ভোট নাও হয় নতুন বছরের শুরুতে তা হবেই। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জোট হচ্ছে কিনা। কে, কাকে, কতটা আসন ছেড়ে দিচ্ছে। যদিও এই বিষয়ে শমীকবাবুর স্পষ্ট বক্তব্য, ‘গণতন্ত্রে সাফল্য তখনই আসে যখন একটি শক্তিশালী বিরোধী শক্তি থাকে। সেটা তো এখানে নেই। এটা দুর্ভাগ্যের।’