সেবা সংকল্প অভিযানের আগেই বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এখানে বিধায়কদের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। কারণ বিজেপিতে বহু নবীন বিধায়ক আছেন যাঁদের রাজনীতিতে বিশেষ অভিজ্ঞতা নেই। তাই মানুষের পাশে থেকে কাজ করার পাঠ দেবেন তিনি বলে জানা গিয়েছে। তার উপর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে। তারপর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চলবে। তার আগেই পশ্চিমবঙ্গে এসে নেতাদের সঙ্গে মিলিত হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আগামী ১৫ সেপ্টেম্বর নীতিন নবীনের পশ্চিমবঙ্গ সফরে আসার দিন নির্ধারিত হয়েছে। বিজেপি সূত্রে খবর, রাজ্য সফরে এসে তিনি মূলত টানা দু’দিন ধরে নানা স্তরের সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। এমনকী এই কর্মসূচি নিয়েও আলোচনা করবেন নীতিন নবীন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদীর দীর্ঘ কার্যকালের ২৫ বছর পূর্তি পালন করা হবে ‘সেবা সঙ্কল্প অভিযান’ কর্মসূচির মাধ্যমে। সেখানে নেতা-কর্মী থেকে শুরু করে বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি বলে সূত্রের খবর।
একইসঙ্গে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি আসন্ন বিধানসভা উপনির্বাচন এবং পুরসভা নির্বাচনের রণকৌশল ঠিক করা হবে। তা নিয়ে স্ট্র্যাটেজি তৈরিও করা হবে। সুতরাং এই সফরে একগুচ্ছ কর্মসূচি তাঁর থাকছে বলেই সূত্রের খবর। এমনকী এইসব কাজের জন্যই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন নীতিন নবীন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তারপরই নীতিন নবীনের সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
তাছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফরসূচিতে তাঁর সঙ্গী হিসেবে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবং নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরিতে তাঁদের এই যৌথ বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতিন নবীন কিছু হোমটাস্কও দিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কারণ কলকাতা এবং হাওড়া পুরসভার নির্বাচন দুর্গাপুজো মিটলেই হবে। সূত্রের খবর, সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি। সেখানে রাজ্যের নানা প্রশ্নের উত্তর দেবেন বলে আশা করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরকে ঘিরে এখন প্রস্তুতি পর্ব তুঙ্গে উঠেছে।