পাকিস্তানের জঙ্গিদের নিশানায় কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-যোগী আদিত্যনাথ? আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার ছকের অভিযোগে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী পাকিস্তানের জঙ্গিদের স্ক্যানারে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেত্রী নাজিয়া খান। পাকিস্তানের নম্বর থেকে হুমকি মেসেজ পাঠানো হয়েছে বলেও তাঁর দাবি। এসবের নেপথ্যে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের হাত রয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের এসটিএফ এবং উত্তরপ্রদেশের এটিএস-কে জানানো হয়েছে বলে দাবি বিজেপি নেত্রীর। এই মর্মে পুলিশ এবং নিরাপত্তা সংস্থার দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান।
বিজেপি নেত্রী এই বিষয়ে দাবি করেছেন, গত ২১ তারিখ তিনি একটি ভয়েস মেসেজ পান। ওই ভয়েস মেসেজে দাবি করা হয়েছে, পাকিস্তানের কুখ্যাত ভাট্টি গ্যাংয়ের সদস্য সে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকী বিজেপি নেত্রীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মেসেজেও তাঁকে হুমকি দেওয়া হয়। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। পুলিশ এবং নিরাপত্তার সংস্থার দ্বারস্থ হন বিজেপি নেত্রী। এই নিয়ে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘এসব টার্গেট করে কোনও লাভ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এভাবে ভয় দেখানো যাবে না। উনি বাংলার বাঘ।’
আগেও বহুবার জঙ্গি হুমকির শিকার হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত জুলাই মাসে বর্ধমানের রেনেশা হাউসিংয়ে জিম থেকে এক জইশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তখন জঙ্গিদের কাছ থেকে হুমকি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেত্রী নাজিয়া খানের দাবি, ‘১২টা ৩৬ মিনিট থেকে আমার কাছে পাকিস্তানের নম্বর থেকে সাজ্জাদ ভাট্টির কমান্ডোর ব্যক্তিগত নম্বর থেকে হুমকি এসেছে। খুবই ভয়ানক ভিডিও পাঠিয়েছে আমাকে। আর মেসেজ করেছে যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমার এমন অবস্থা করবে, ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এক সেকেন্ডও সময় দেওয়া হচ্ছে না। বারবার ফোন এসেই যাচ্ছে।’
তাছাড়া গত ২০২৪ সালে বিরোধী দলনেতা থাকাকালীন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ এবং হিজবুত তাহিরি-র জঙ্গিদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তখন নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের কথায়, ‘সব ভিডিও-মেসেজ বেঙ্গল এসটিএফকে পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশ এটিএস, গাজিয়াবাদের সিপিকেও পাঠানো হয়েছে।’