কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বড়সড় স্বস্তি মিলল কলকাতা হাইকোর্টে। কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা-সহ মামলায় এখনও পর্যন্ত দেওয়া সমস্ত আদেশ বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে চলা এই মামলা আর কৃষ্ণনগর আদালতে নয়। বিধাননগর (কলকাতা)-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে চলবে। সোমবার সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলা বিচারের জন্য নির্ধারিত ওই ‘এমপি-এমএলএ’ আদালতেই মামলাটি স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে কৃষ্ণনগর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।
মামলার শুনানিতে মূল প্রশ্ন ওঠে, একজন বর্তমান সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার কোন আদালতে চলবে? বিষয়টি খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ জানায়, সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলা বিচারের জন্য নির্দিষ্ট বিশেষ আদালতের আওতাতেই এই মামলার বিচার হওয়া উচিত।
আরও পড়ুন: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের নোটিশ, হাইকোর্টে কালীঘাট তৃণমূল
ফলে কৃষ্ণনগর আদালতের পূর্ববর্তী পদক্ষেপ কার্যত বাতিল হয়ে গেল। মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া এবার বিধাননগরের বিশেষ এমপি-এমএলএ আদালতেই হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতাও থাকল না।
আরও পড়ুন: কলকাতার পর এবার হুগলি, মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল