সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া নবান্ন অভিযান সংক্রান্ত এফআইআর এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল-সংক্রান্ত মামলায় বড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ আগস্ট।
রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর ‘দৈনিক স্টেটসম্যান’-কে দেওয়া প্রতিক্রিয়ায় ভাস্কর ঘোষ জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দিয়েছেন, আগের সরকারের আমলে আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
ভাস্করের দাবি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আর জি কর-কাণ্ড এবং নবান্ন অভিযান—বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণেই তাঁর ও সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মামলাগুলি করা হয়েছিল, নতুন সরকার নিশ্চয়ই সেগুলি পুনর্বিবেচনা করবে। আমি আশাবাদী, আগামী দিনে আমার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।’
উল্লেখ্য, নবান্ন অভিযানকে কেন্দ্র করে ভাস্কর ঘোষের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক ‘মিথ্যা মামলা’ করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেন তাঁর আইনজীবী। এফআইআর খারিজের আবেদন জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
আদালত স্পষ্ট নির্দেশ দেয়, নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি এফআইআর এবং আর জি কর হাসপাতাল-সংক্রান্ত মামলায় ভাস্কর ঘোষের বিরুদ্ধে আপাতত কোনও আইনি পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। ফলে আপাতত বড় আইনি স্বস্তি পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক।