তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ফের ভর্ৎসনার মুখে পড়ল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেওয়াইসি (KYC)-র জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও দু’টি ক্রেডিট কার্ড সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে বলে এদিন আদালতে ব্যাঙ্কের তরফে জানানো হয়। তারপরেই আদালতে প্রশ্নের মুখে পড়ে বেসরকারি ব্যাঙ্কের ভূমিকা। তবে অভিষেককে ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি করতে বলা হলেও, পরে আদালত জানতে পারে তাঁর বাড়িতেই গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত ব্যাঙ্ক।
আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর মক্কেলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দু’টি ক্রেডিট কার্ড বেসরকারি ব্যাঙ্ক ব্লক করে দিয়েছে। তাঁর অভিযোগ, ব্যাঙ্কের পদক্ষেপ অত্যন্ত ‘হাই-হ্যান্ডেড’। এই কারণে ব্যাঙ্কের উপর খরচ চাপানোরও আবেদন করেন তিনি। অন্যদিকে, ব্যাঙ্কের তরফে আদালতে জানানো হয়, বিষয়টি তাদের কেন্দ্রীয় প্রসেসিং টিমের সিদ্ধান্ত। ব্যাঙ্ক জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘিরে ইডির তদন্ত চলছে। তবে প্রথমে পাঠানো চিঠিতে সেই কারণ স্পষ্ট ভাবে জানানো হয়নি বলেই আদালতে প্রশ্ন ওঠে।
ব্যাঙ্কের বক্তব্য শোনার পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি জানান, ব্যাঙ্কের তরফে আবেদনকারীকে কারণটি যথাযথভাবে জানানো হয়নি। শুধু কেওয়াইসির কথা বলে তাঁকে মুখোমুখি হতে বলা হয়েছে। এরপরে বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে আসল কারণটা ঠিক ভাবে জানানো হল না কেন?’’ বিচারপতির মন্তব্য, ব্যাঙ্ক ঠিকমতো কারণ জানায়নি। এরপর আদালত নির্দেশ দেয়, প্রয়োজনীয় সমস্ত নথি ব্যাঙ্কের হাতে তুলে দিতে হবে। ব্যাঙ্ক চাইলে বৃহস্পতিবারই অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অর্থাৎ শাখায় গিয়ে কেওয়াইসি করার বদলে বাড়িতেই সেই কাজ করার রাস্তা খুলে দিল আদালত।
মামলাটি আগামী সোমবার ফের শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ওই দিন কেওয়াইসি সংক্রান্ত আদালতের নির্দেশ কতটা কার্যকর হল, তা খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে ব্যাঙ্কের বিরুদ্ধে খরচ চাপানোর আবেদনও আদালতের বিবেচনায় আসতে পারে। ইডির তদন্তের কারণে অ্যাকাউন্ট বন্ধ, অথচ গ্রাহককে জানানো হচ্ছে কেওয়াইসির সমস্যা, এই দ্বৈত অবস্থান নিয়েই এদিন আদালতে প্রশ্নের মুখে পড়ে ব্যাঙ্ক।
উল্লেখ্য, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মামলার শুনানিতে রিপোর্ট জমা দিতে সময় চাওয়ায় ব্যাঙ্কের আইনজীবীকে কার্যত ভর্ৎসনা করল আদালত। সেদিন এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার করা হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনাকে কেন্দ্র করে মামলায় সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের অবস্থানও রয়েছে আদালতের নজরে। আজই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। এরপর বৃহস্পতিবার ব্যাঙ্কের তরফে চিঠি দিয়ে অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করার কারণ জানানো হয়।