১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি, ওড়িশা-বাংলায় ৯ জায়গায় ইডির তল্লাশি 

File Photo

ব্যাঙ্ক থেকে নেওয়া ১১০৯ কোটি টাকার ঋণ নয়ছয়ের অভিযোগের তদন্তে ফের সক্রিয় হল ইডি। সোমবার সকাল থেকে কলকাতার বড়বাজার, পোস্তা-সহ এ রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালানো হয়। এর পাশাপাশি ওড়িশার বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সব মিলিয়ে ৯টি জায়গায় চলছে এই অভিযান। তদন্তকারীদের অনুমান, ওড়িশার একটি বিদ্যুৎ সংস্থার নেওয়া ঋণের টাকা বেআইনিভাবে অন্যত্র সরানো হয়েছে। সেই অর্থের একটি অংশ কলকাতাতেও এসে থাকতে পারে বলে সন্দেহ ইডির।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়েছিল। অভিযোগ, সেই ঋণের টাকা সংস্থার কাজের বদলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কীভাবে এবং কোন পথে সেই টাকা সরানো হয়েছিল তা খতিয়ে দেখতেই ইডির এই তল্লাশি।

তদন্তকারীদের নজরে রয়েছে ওই সংস্থার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। মূলত ওড়িশার অফিসগুলিতেই তদন্তকারীদের নজর রয়েছে। তবে ঋণের টাকা কলকাতাতেও বেআইনিভাবে সরানো হয়েছিল কি না তা খতিয়ে দেখতে বড়বাজার, পোস্তা-সহ কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।


এই মামলায় এর আগেও তদন্তে নেমেছিল সিবিআই। কলকাতার বড়বাজার-পোস্তা এলাকাতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এবার সেই মামলার সূত্র ধরেই ইডির ফের অভিযান। তদন্তকারীরা খুঁজে দেখছেন, ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের টাকা কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে সরানো হয়েছিল।

আরও পড়ুন: যৌনকর্মীদের সন্তানদের স্বনির্ভর করার উদ্যোগ, প্রশিক্ষণের পরই কর্মসংস্থানের ব্যবস্থা

ইডি সূত্রে জানা গিয়েছে, ঋণ নেওয়ার পর অর্থ অন্যত্র সরিয়ে ফেলার অভিযোগই এই তদন্তের মূল বিষয়। সোমবারের তল্লাশিতে নথি বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য মেলে কি না সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের।