কলকাতার নস্টালজিয়া ট্রামকে পুনরুজ্জীবিত করতে আগ্রহী অস্ট্রেলিয়া, অনুষ্ঠিত হল বৈঠক

Photo: File Photo

কলকাতার নস্টালজিয়ার কথা উঠলেই প্রথমে আসে ট্রামের কথা। এবার সেই ট্রামকেই পুনরুজ্জীবিত করতে আগ্রহী অস্ট্রেলিয়া। কলকাতার পরিবহণ পরিকাঠামোর আধুনিকীকরণ এবং ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং-এর সঙ্গে বৈঠক করলেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ। মঙ্গলবার পরিবহণ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এদিন সেই বৈঠকে কলকাতার পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কনসাল জেনারেলের সঙ্গে অস্ট্রেলিয়ান কনস্যুলেটের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন। এদিন পরিবহণমন্ত্রী জানান, কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সেই লক্ষ্যে কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস (RITES) বর্তমানে সমীক্ষার কাজ করছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

মন্ত্রী জানান, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে সে দেশের আধুনিক পরিবহণ ব্যবস্থা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সেই অভিজ্ঞতার উপযুক্ত দিকগুলি কাজে লাগাতে চায় রাজ্য সরকার।


আরও পড়ুন: বর্ষায় বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, রাজ্যে চিহ্নিত ৫ হটস্পট জেলা

বৈঠকে বার্নার্ড লিঞ্চ কলকাতার পরিবহণ পরিকাঠামোর উন্নয়নে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির অংশগ্রহণের আগ্রহের কথা জানান। জবাবে পরিবহণমন্ত্রী বলেন, ‘সরকারি নিয়ম ও টেন্ডার প্রক্রিয়া মেনেই আগ্রহী অস্ট্রেলীয় সংস্থাগুলি অংশ নিতে পারে।’

আরও পড়ুন: ভাঙাচোরা বাড়ি হলেও ‘আলোহীন’ নয় জীবন, দখল-বিতর্কের অজুহাতে বিদ্যুৎ বন্ধ নয়: হাইকোর্ট