পশ্চিমবঙ্গের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার সম্ভাবনা খতিয়ে দেখতে কলকাতায় এলেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল। বুধবার বিজেপির রাজ্য দপ্তরে এসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি। ওখানে একটি বৈঠক হয়। যেখানে বাণিজ্য, শিক্ষা এবং খনি শিল্পে দু’পক্ষের মধ্যে সহযোগিতার আলোচনা হয় বলে জানা গিয়েছে। বিদেশি বিনিয়োগের কথা ইতিমধ্যেই শোনা যাচ্ছে। এই আবহে এবার ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন বঙ্গ-বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বলে খবর। তাহলে কি ডবল ইঞ্জিন বঙ্গে এবার অস্ট্রেলিয়া বিনিয়োগ করবে? চর্চা শুরু হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অস্ট্রেলিয়া সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে শমীক ভট্টাচার্যকে জানিয়েছেন ফিলিপ গ্রিন। অস্ট্রেলিয়ায় থাকা বাঙালিদের ভূমিকার প্রশংসাও করেছেন হাই কমিশনার। গোটা বিশ্বজুড়ে বাঙালিরা ছড়িয়ে আছে তা নিয়েও দু’জনের চর্চা হয়েছে বলে খবর। বুধবার সকালেই বিধাননগরের বিজেপির রাজ্য দপ্তরে উপস্থিত জন ফিলিপ গ্রিন। তাঁকে সাদরে অভিবাদন জানান বিজেপির রাজ্যসভার সাংসদ। তারপরই দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এই বৈঠক বেশ ফলপ্রসূ বলে জানিয়েছেন ফিলিপ। এই বৈঠকের পর জন ফিলিপ গ্রিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এবারের সফরের অন্যতম উদ্দেশ্য পশ্চিমবঙ্গে অস্ট্রেলিয়ার জন্য কী ধরনের বাণিজ্যিক সুযোগ আছে সেটা খুঁজে দেখা। যেখানেই যাই, দেখি বাঙালিরা বুদ্ধিমান, বিশ্বমুখী, আধুনিক এবং ব্যবসায়িক মানসিকতাসম্পন্ন। পশ্চিমবঙ্গের ইতিহাসের এই মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য আরও ব্যবসার সুযোগ আছে কিনা সেটা খুঁজে দেখছি। খোঁজখবর নিয়েই বিষয়গুলি বোঝার চেষ্টা করছি।’
অন্যদিকে রাজ্যে পালাবদলের পরে শিল্প এবং কর্মসংস্থানের জন্য বড় বার্তা দিয়েছে রাজ্য সরকার। এই রাজ্যে বেকারত্বের হার কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। হুগলির সিঙ্গুর থেকে টাটারা কারখানা না করেই বিদায় নিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও তা পড়ে আছে। সিঙ্গুরের সেই জমিতেও শিল্প হবে। টাটাদের বাংলায় ফিরিয়ে আনা নিয়ে কথা চলছে বলেও বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। এবার অস্ট্রেলিয়ার বঙ্গে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শুরু হল চর্চা।
তাছাড়া শিক্ষাক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সঙ্গে অস্ট্রেলিয়ার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন কনসাল জেনারেল। তাঁর বক্তব্য, ‘ভারতের নানা প্রান্তে শিক্ষাক্ষেত্রে অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোরাল যোগাযোগ আছে। বেশ কয়েকটি অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় ভারতে বিদেশি শাখা ক্যাম্পাস খোলার উদ্যোগও নিচ্ছে। ওই ধরনের সম্ভাবনা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। খনি ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রযুক্তি, অভিজ্ঞতা এবং পরিষেবার সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার সুযোগ রয়েছে।’