১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব চালকরা, যাত্রীদের নাকালের আশঙ্কা

App Cab Strike Photo-IANS

আবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক-ট্যাক্সি এবং যাত্রী সাথীর চালকরা। এই খবর প্রকাশ্যে আসতেই শহরজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ বহু অফিসযাত্রী অ্যাপ-ক্যাবের মাধ্যমে অফিস যান। ফেরেনও একইভাবে। তার উপর জরুরি কারণে অনেকে এই অ্যাপ নির্ভর যানবাহনে যাতায়াত করে থাকেন। কিন্তু ধর্মঘট ডাকলে সেটা সম্ভব হবে না। ফলে পথে বেরিয়ে নাকাল হতে হবে বিপুল পরিমাণ নিত্যযাত্রীদের বলে আশঙ্কা করা হচ্ছে। এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ’র আওতাভুক্ত পরিবহণ সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘট করার সঙ্গেই ওই দিন ‘পরিবহণ ভবন’ অভিযানও করা হবে।

এই ধর্মঘটের পিছনে একাধিক অভিযোগ রয়েছে চালকদের। অ্যাপ-ক্যাব নির্ভর যানবাহন এবং ট্যাক্সি চালকদের অভিযোগ, পুলিশের হয়রানি, মিথ্যা মামলা এবং দীর্ঘদিনের নানা সমস্যা নেমে এসেছে চালকদের উপর। সেইসব অভিযোগের প্রতিবাদে আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটে সামিল হচ্ছে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, যাত্রী সাথী এবং বাইক-ট্যাক্সি চালকদের একাধিক শ্রমিক সংগঠন। সেপ্টেম্বর মাসের ৩ তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুপুর ১টায নাগাদ শহরের রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে। মিছিল শেষে পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

রাজ্যের পরিবহণমন্ত্রী এখন অর্জুন সিং। সেদিন তিনি থাকবেন কিনা তা জানা নেই। আর ৩ তারিখ আসতে এখনও পাঁচদিন বাকি। এই আবহে গোটা দিন অ্যাপ নির্ভর যানবাহন পাবেন না নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে নাকাল হওয়ার আশঙ্কা থাকছেই। সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ট্রাফিকের সামান্য প্রযুক্তিগত সমস্যার জেরে যাত্রী তোলা বা নামানোর জন্য চালকদের জরিমানা করা বন্ধ করতে হবে। ওলা, উবার-সহ নানা অ্যাপ-ক্যাব সংস্থার ‘অন্যায্য’ নীতি বন্ধ করা থেকে শুরু করে চালকদের অকারণে আইডি ব্লক না করা এবং নানা রেল স্টেশনে টাউটদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। রাজ্য সরকারের নির্ধারিত ভাড়া নীতি কঠোরভাবে মেনে চলতে হবে বলেও দাবি তুলেছে সংগঠনগুলি।


তাছাড়া এই ধর্মঘটের পথ থেকে চালকরা সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর যত দ্রুত সম্ভব তাঁদের ন্যায্য দাবি মেনে নিতে হবে বলেও সুর চড়িয়েছেন তাঁরা। এই ধর্মঘট নিয়ে এআইটিইউসি’র পরিবহণ সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, ‘এই বিষয়গুলি বারবার রাজ্যের পরিবহণমন্ত্রীর নজরে আনা হলেও এখনও কোনও সমাধান হয়নি। তাই আগামী ৩ সেপ্টেম্বর ধর্মঘটে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, যাত্রী সাথী এবং বাইক-ট্যাক্সি চালকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’