নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বাড়তে চলেছে বৃষ্টির দাপট। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোনও জায়গাতেই ভারী বৃষ্টির দেখা মেলেনি। তবে সপ্তাহের মাঝে বৃহস্পতিবারও কি একই রকম আবহাওয়া থাকবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।