চা শ্রমিকদের অতিরিক্ত রেশন ও আর্থিক সাহায্যের ঘোষণা, কালীপুজোর মুখে খুশির খবর শুভেন্দুর

CM Suvendu Adhikari Photo-SNS

সামনেই কালীপুজো। তার আগে চা বাগান শ্রমিকদের খুশির খবর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রমিকদের জন্য রেশনের চালের পরিমাণ ৩৫ কেজি থেকে বাড়িয়ে তা ৫০ কেজি করা হচ্ছে। সেই সঙ্গে এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। রেশনে এবার থেকে যাতে ৫০ কেজি চাল দেওয়া যায়, সে ব্যাপারে সরকার ভাবছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এদিন শুভেন্দু উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সেই সঙ্গে বন্ধ চা বাগানগুলি চালু চালু করার বিষয়ে আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী শ্রমমন্ত্রী অর্জুন সিংকে বলেন, ‘আপনাকেই বন্ধ সমস্ত চা বাগান খুলতে হবে। সব কাজ মুখ্যমন্ত্রীর একা করলে হবে না। আমি জানি, সামসিং ও আরও কয়েকটি চা বাগান খুলে গিয়েছে।’ উত্তরবঙ্গের বন্ধ বাগানগুলির শ্রমজীবী মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের জব কার্ড প্রস্তুত রাখুন। দ্রুত কাজ শুরু হবে। সবাইকে প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় আনা হবে।’


আরও পড়ুন: সংরক্ষণের নিয়ম বদলের মাশুল কি চাকরিপ্রার্থীদের? ইডব্লিউএস সুযোগ নিয়ে পর্ষদকে হলফনামার নির্দেশ হাইকোর্টের

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কালিম্পঙে দ্রুত মেডিক্যাল কলেজের শিলান্যাস হবে। ৯ ডিসেম্বর সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্ধ চা বাগান বেশ সমস্যার বিষয়। তৎকালীন তৃণমূল সরকারের আমলে একাধিক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় অনেক কর্মী কর্মহীন হয়ে পড়েছিলেন। এবারে রাজ্যে পালাবদলের পর সেই পরিস্থিতি কতটা বদলায় এখন সেটাই দেখার।