দেড় বছর আগে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন অঞ্জলি সাউ। তখনই তিনি পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার থানায় গিয়ে এই দাবি করলেন অঞ্জলির বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউ। অঞ্জলির খুনের তদন্তে নেমে এই পাবজি খেলার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ‘মেডিটেশন’ করবেন বলে দিদির ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন তরুণী। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত মৃতদেহ। শরীরে একাধিক আঘাত এবং পরনের কাপড়ের কিছু জায়গা ছেঁড়া ছিল। তাহলে কি ধর্ষণ করে খুন? এই প্রশ্নই উঠছিল। মোবাইল ফোন পর্যন্ত পাওয়া যায়নি নিহত অঞ্জলি সাউয়ের। কিন্তু খুনের কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মামার ছেলের মোবাইলে তরুণীর নম্বর থেকেই মেসেজ এসেছিল, ‘তোমাদের মধ্যেই থাকব। কিন্তু জানতে পারবে না।’
কেন এমন বার্তা এল? সেটাই বা কে পাঠাল? বরাহনগরের ফাঁকা ফ্ল্যাটে তরুণীর খুনের সূত্র কি লুকিয়ে থাকতে পারে অনলাইন গেমে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে তোলপাড় বরাহনগর থানা। অঞ্জলির বাবা এদিন দাবি করেন, মেয়েকে একাধিকবার পাবজি খেলতে নিষেধ করেছিলেন। কিন্তু কথা শোনেননি তরুণী। তাঁর অভিযোগ, গেম খেলার সূত্রে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল অঞ্জলির। সেই গেমের সূত্রেই কোনও এক যুবক তাঁকে বিশেষ সাধনার কথা বলেছিলেন। তাই অঞ্জলি দিদির ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন। বাবা রাজেন্দ্রপ্রসাদ সাউ আদি বিজেপি নেতা। ১৯৯৬ সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন। ২০২২ সালের কলকাতা পুরসভার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজেন্দ্রবাবুর এক ছেলে এবং তিন মেয়ে। বড় মেয়ে ভিন ধর্মে বিয়ে করার জেরে সম্পর্ক রাখেননি রাজেন্দ্রবাবু। বিয়ে হয়ে গিয়েছে মেজো মেয়েরও। অঞ্জলি ছোট। সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক হওয়ার পর টিবি ও স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন।
বাবা সম্পর্ক ছেদ করলেও অঞ্জলি যোগাযোগ রেখেছিলেন দিদির সঙ্গে। সে কথা পরিবারের কয়েকজন জানলেও রাজেন্দ্রবাবু জানতে পারেননি। বাড়িতে বলেছিলেন, বিকাল ৪টে নাগাদ ফিরবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও ফেরেননি অঞ্জলি। ফোন করেন দিদিও। কিন্তু ফোন বন্ধ ছিল। পাশের ফ্ল্যাটের লতিকাদেবীকে ফোন করে খোঁজ নিতে বলেন তিনি। লতিকাদেবী গিয়ে দেখেন, ঘর ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি। তখন খবর দেওয়া হয় বরাহনগর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, অঞ্জলির রক্তাক্ত দেহ পড়ে আছে বিছানায়। পরনের কুর্তির ডান হাতের কাছে ছেঁড়া। পাজামা নেই। শরীর ঢাকা চাদর দিয়ে। ঠোঁট কেটে রক্ত ঝরছে। এখান থেকেই ধর্ষণ করে খুনের তত্ত্ব উঠে আসছে।
তাছাড়া তরুণীর মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ আছে, কে বা কারা জড়িত সেটা এখনও স্পষ্ট নয়। মোবাইল থেকে পাঠানো রহস্যজনক মেসেজ এবং পাবজি খেলার সূত্র ধরেই এখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। রাজেন্দ্রবাবু থানায় জানান, গতকাল বিকেলে অঞ্জলির মোবাইল থেকে তাঁর কাছে একটি মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল, ‘হামকো লে যাও। হম ফাঁস গয়ে বারিষমে।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমায় নিয়ে যাও। আমি বৃষ্টিতে আটকে পড়েছি।’ অঞ্জলির বাবার আরও দাবি, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করেন এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে। অঞ্জলির দাদা সন্দীপকুমার সাউ অবশ্য দাবি করেন, ‘আমাদের সন্দেহ ধর্ষণের পর খুন করা হয়েছে। বোনের হাতে আংটি, কানের দুল, ঘড়ি, আর দু’টি ব্রেসলেটও পাওয়া যাচ্ছে না।’ সেখানে অঞ্জলির নম্বর থেকে বুধবার সকাল ১০টা ৫৩ থেকে ১১টা ০১ মিনিট পর্যন্ত পরপর মেসেজ আসে। সেখানে লেখা—‘কিছু জানার থাকলে তাড়াতাড়ি বল। সব বলে দেব। এখনই মোবাইল বন্ধ করব। আর একটা কথা, তোদের পাশে থাকব, কিন্তু বুঝতে পারবি না।’