বরাহনগরের ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যুতে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। ওই তরুণীকে খুনের অভিযোগে ধর্মবীর নামে এক যুবককে দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ওই যুবককে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর। ওই যুবককে জেরা করে তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে পুলিশ। মুখে ঘুসি, মাথার পিছনে আঘাত, ক্ষতচিহ্ন পিঠে এবং আঘাত গোপনাঙ্গেও! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট হয়ে যাচ্ছে, খুনের আগে নৃশংস অত্যাচার করা হয়েছিল অঞ্জলি সাউকে। তারপর শ্বাসরোধ করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তাতেই মৃত্যু হয় তরুণীর। যদিও খুনের সঙ্গে অঞ্জলিকে ধর্ষণও করা হয়েছিল কিনা সেটা তদন্তকারী অফিসাররা খোলসা করছেন না। খুনির বিকৃত মানসিকতা নিয়ে উঠছে প্রশ্ন।
তরুণী অঞ্জলি সাউয়ের বরাহনগরের ফ্ল্যাটে আনাগোনা ছিল ধর্মবীরের। তাই গত ১০ নভেম্বর খুন করার পর নিশ্চিন্তে চেনা এলাকা থেকে পালিয়ে যেতে পেরেছিলেন অভিযুক্ত। অঞ্জলির বাবার দাবি, তাঁর মেয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল ধর্মবীরের। পাবজি খেলার সূত্রেই দু’জনের আলাপ হয়। ধর্মবীর ভিন্রাজ্যের বাসিন্দা। আর ‘নিক রাজপুত’ নাম নিয়ে যে যুবক অঞ্জলির সঙ্গে পাবজি খেলতেন সেই যুবকই ‘সম্ভবত’ ধর্মবীর। এই ঘটনায় অঞ্জলির জামাইবাবুকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুনি যে তরণীর পরিচিত সেটা একপ্রকার নিশ্চিত পুলিশ। সেটা না হলে ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনে দিদির ওই খালি ফ্ল্যাটের দরজা খুলে দিত না অঞ্জলি।
অঞ্জলির বাবা, বর্ষীয়ান বিজেপি নেতা রাজেন্দ্রপ্রসাদ সাউ এবং তাঁর ছেলে সন্দীপ কুমার সাউ বরাহনগর থানায় যান। সেখানে মেয়ের অনলাইন গেমিংয়ে আসক্তির কথাও জানান। ওই খেলার সূত্রেই ‘পার্টনার’দের সঙ্গে কথা হতো অঞ্জলির বলে দাবি বাবার। তদন্তকারীদের অনুমান, ফুটেজ দেখে যে চারজনকে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে কেউ এই ‘পার্টনার’। হতে পারে সেই খুন করেছে। সন্দীপবাবু পুলিশকে বলেন, ‘কিছুই বুঝতে পারছি না! মৃতদেহ দেখে আমাদের ধারণা, নৃশংস অত্যাচার, ধর্ষণ করে খুন করা হয়েছে বোনকে।’ সেটা যদি হয়ে থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী? এনকাউন্টার?
তাছাড়া পুলিশ সূত্রে খবর, পাবজি খেলাকে কেন্দ্র করে অঞ্জলি এবং ধরমবীরের মধ্যে বিবাদ হয়। তার জেরেই অঞ্জলিকে খুন করে পালিয়ে যায় ওই যুবক। তবে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কিনা সেটা এখনও স্পষ্ট নয়। প্রথমে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু অঞ্জলির মূল্যবান সামগ্রী গায়েব হতেই সন্দেহ হয় পুলিশের। পাবজি খেলাকে কেন্দ্র করে কেন কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন, সেটাও ভাবিয়েছে তদন্তকারীদের।