বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু পঞ্চসায়র এলাকায়, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

Old Couple Deadbody Photo-Representative

খাস কলকাতার অন্তর্গত পঞ্চসায়র থানা এলাকা। আর এই এলাকায় এক বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু ঘটেছে। রবিবার দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। কারণ বাড়ির ভিতর থেকে ৭৪ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আবার তাঁর ৬৪ বছরের স্ত্রীর দেহ বিছানা থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের এমন মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ। তবে এই বৃদ্ধ দম্পতির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট এবং নগদ ১ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, দু’জনেই অসুস্থ ছিলেন। আর মানসিক অবসাদে ভুগছিলেন দম্পতি। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধ দম্পতিদের নাম অসিত আঁশ (৭৪) এবং তাঁর স্ত্রী মন্দিরা আঁশ (৬৪)। পঞ্চসায়রের ওই ফ্ল্যাটে তাঁরা দুজনেই থাকতেন। এই এলাকাতেই থাকেন তাঁদের আত্মীয়। রবিবার সকালে তাঁরা বাড়িতে এসে বারবার ডাকাডাকি করলেও কোনও সাড়া শব্দ মেলেনি। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তখন ফ্ল্যাটের পিছনের জানালা দিয়ে দেখা যায় শিউরে ওঠার মতো দৃশ্য দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় থাকা অসিত আঁশকে উদ্ধার করে। বিছানায় পড়েছিল মন্দিরা আঁশের দেহ। ওই বৃদ্ধ দম্পতির ১২ বছরের ছেলে ছিল। যার অনেকদিন আগে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়। সন্তানকে হারিয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধ দম্পতি। এমনকী কারও সঙ্গে মেলামেশাও করতেন না তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, অসুস্থতার জেরে দু’জনেরই শারীরক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। কদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই ৭৪ বছরের বৃদ্ধ অসিত আঁশ। তাঁর স্ত্রীও সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হন। দু’দিন আগেই হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা থেকে মনে করা হচ্ছে, স্ত্রীকে ঘুমের ওষুধ দিয়ে খুন করে আত্মঘাতী হয়ে থাকতে পারেন অসিতবাবু। দু’জনেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে থাকতে পারেন। আর্থিক অনটনেও পড়েছিলেন তাঁরা। অসুস্থ হয়েও মন্দিরা আঁশের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত স্ত্রীকে দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন অসিত। যদিও এখনও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একটি মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।


তাছাড়া ঘর থেকে যে সুইসাইড নোট মিলেছে সেখানে লেখা আছে, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘর থেকে ১ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। সেই টাকা দিয়েই দু’জনের শেষকৃত্য যেন সম্পন্ন করা হয়। ওই বৃদ্ধার দিদি ও জামাইবাবু এদিন দেখা করতে তাঁদের বাড়িতে আসেন। বেশ কয়েকবার কলিং বেল বাজালেও ভিতর থেকে কেউ দরজা খোলেননি। মোবাইলে ফোন করলে আওয়াজ বাড়ির ভিতর থেকে শোনা গেলেও কেউ ফোন ধরেননি। সন্দেহ হওয়ায় বাড়ির পিছনের দিকে গিয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন ওই মহিলা। তখনই তিনি অসিতবাবুকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায়।