এবার কলকাতার চিনা সেজে জাল পরিচয়পত্র তৈরি করে ট্যাংরায় ডেরা বেঁধে ছিলেন ইন্দোনেশিয়ার এক মহিলা। কিন্তু শনিবার ওই মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। এই শহরে যেসব চিনারা থাকেন তাঁদের একটা অংশ বংশ পরম্পরায় বসবাস করেন। কিছু আছেন পর্যটকও। মহানগরে দীর্ঘদিন থাকার ফলে এইসব চিনারা ভাল হিন্দি বলতে পারেন। কেউ কেউ বাংলা ভাষাও জানেন। কিন্তু চিনা সেজে যে মহিলা কলকাতায় ডেরা বেঁধে ছিলেন তিনি হিন্দি বলতে পারেন না, বুঝতেও পারেন না। তাতেই সন্দেহ হয় নেপালের সীমান্তে থাকা পুলিশের। ওই মহিলাকে টানা প্রশ্ন করতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল।
ওই মহিলা জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে কলকাতার চিনা ‘সেজে’ ট্যাংরায় ডেরা বেঁধে ছিলেন। ইন্দোনেশিয়ার ওই মহিলা জাল নথি দিয়ে কলকাতায় থাকছিলেন বলে অভিযোগ। এই অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করল ওই মহিলাকে। তখন তিনি আবার নিজেকে সন্ন্যাসিনী বলে পরিচয় দেন। কিন্তু কোনওভাবেই পুলিশের হাত থেকে বেঁচে বের হতে পারেননি তিনি। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশ এই খবর দেয় লালবাজারে। কোন চক্রের মাধ্যমে ওই ইন্দোনেশিয়ার মহিলা ভারতীয় পরিচয়পত্র তৈরি করলেন সেটা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ট্যাংরা এলাকার কোনও রাজনৈতিক নেতার সাহায্য নিয়েছিলেন কিনা সেটাও পুলিশ তদন্ত করছে। ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের ভিত্তিতে ভারতীয় জাল পাসপোর্ট তৈরি করার ছক কষেছিলেন কিনা সেটাও জানার চেষ্টা চলছে।
এই মহিলার আসল পাসপোর্টও পুলিশ উদ্ধার করেছে। এমনকী মিলেছে ভিসাও। ভিসা থাকা সত্ত্বেও কেন ভুয়ো ভারতীয় পরিচয়ে কলকাতায় থাকতেন? সেটা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মহিলা এবার উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জের সোনাউলি সীমান্ত পেরিয়ে নেপালে যাচ্ছিলেন। এসএসবি রক্ষী এবং পুলিশের তাঁকে দেখে সন্দেহ হয়। পথ আটকাতেই ওই মহিলা ভোটার কার্ড দেখান। যেখানে রয়েছে, ওই মহিলার নাম লি কিম লিয়েন। ট্যাংরা রোডের বাসিন্দা। তাঁর বাবার নাম লি চিন সেন। জন্ম ১৯৭৫ সালের ২৯ জুন। পুলিশের কাছে তাঁর দাবি, যাঁরা ভারত এবং নেপাল থেকে ধর্ম চর্চায় চিনে যান, তাঁদের সাহায্য করেন। কলকাতায় একটি স্বেচ্ছাসেবি সংস্থার সঙ্গে যুক্ত তিনি। তিনি প্রায়ই নেপাল ও সেখান থেকে চিনেও যেতেন।
তাছাড়া পুলিশ এসব কথা শুনে ওই মহিলাকে হিন্দিতে প্রশ্ন করেন। কিন্তু ওই মহিলা হিন্দি বুঝতেও পারেননি, বলতে পারেননি। তখনই পুলিশের সন্দেহ হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কলকাতার ঠিকানার ভোটার কার্ড, আধার কার্ড, দুটি প্যান কার্ড। তবে ইন্দোনেশিয়ার পাসপোর্ট এবং ভিসা উদ্ধার হতেই পুলিশ নিশ্চিত হয়, ভারতীয় পরিচয়পত্রগুলি জাল। ওই পাসপোর্টে মহিলার নাম রোহানা। ইন্দোনেশিয়ার বাটাম শহরের বাসিন্দা। ১৯৭০ সালের ২০ অক্টোবর তাঁর জন্ম। ২০২৩ সালের ১১ আগস্ট এই পাসপোর্ট ইস্যু করা হয়। মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত। ২০২৫ সালের ১১ অক্টোবর ইস্যু হয় একটি কর্মসংস্থান ভিসাও। যার মেয়াদ শেষ হয়েছে গত ৯ নভেম্বর। তাঁকে জেরা করছে পুলিশ।