পুলিশকর্মীদের পোশাক ছিঁড়ে গালিগালাজের অভিযোগ, যাদবপুর কাণ্ডে ২টি পৃথক মামলা রুজু পুলিশের

File Photo

যাদবপুর কাণ্ডে সরাসরি ২টি মামলা দায়ের করল পুলিশ। যাদবপুর থানার আওতাধীন এলাকায় রাস্তা অবরোধ ও জমায়েতের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার যাদবপুর থানার অন্তর্গত এলাকায় দুটি ভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ, প্রায় ২০০-২৫০ জন এবিভিপি সমর্থক যাদবপুর থানার কাছে প্রিন্স আনোয়ার শাহ রোড ও রাজা এস. সি. মল্লিক রোডের সংযোগস্থলে জমায়েত করেন। এর ফলে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়। তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতেই পুলিশ তাঁদের গার্ড রেল দিয়ে আটকানোর চেষ্টা করে। সেই সময়ে উত্তেজিত জনতা গার্ড রেল ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের দিকে এগোয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, তাঁরা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের কয়েকজন সদস্য পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে গালিগালাজ ও দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রেক্ষিতে বিএনএস(BNS)-এর ১৮৯/১৯০/১৯১/১৩২/২২৩/৩২৪ ধারায় যাদবপুর থানায় ১৬০ নম্বর মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে, সেদিনই দুপুর ১টা নাগাদ বামপন্থী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় ২০০-২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুমতি ছাড়াই ৮বি বাসস্ট্যান্ডের কাছে এস. সি. মল্লিক রোড ও সেন্ট্রাল রোডের কাছে জমায়েত করেন। এর ফলে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়।

আরও পড়ুন: ‘ফের যদি যাদবপুরে দেশবিরোধী স্লোগান ওঠে, তাহলে…’, সার্জিকাল স্ট্রাইক নিয়ে হুঁশিয়ারি দিলীপের

পুলিশ গার্ড রেল দিয়ে তাঁদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। সেই সময় উত্তেজিত জনতা গার্ডরেল সরিয়ে পুলিশকর্মীদের ধাক্কা দেয় বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে তাঁরা কর্তব্যরত পুলিশকর্মীদের জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে বিএনএস(BNS)-এর ১৮৯/১৯০/১৯১/১৩২/২২৩/৩২৪ ধারায় যাদবপুর থানায় ১৬১ নম্বর মামলা দায়ের করা হয়েছে।