অবশেষে তিনিই পারলেন, রাজনৈতিক সমস্ত বিরোধের বেড়া ভেঙে তাঁদের একমঞ্চে মিলিয়ে দিতে। ১৩ নভেম্বর প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী। বিবাদী বাগে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে একমঞ্চে মমতা তৃণমূল-ঋতব্রত তৃণমূল-কংগ্রেস-সিপিএম নেতারা। প্রিয় দার জন্মদিনের এই অনুষ্ঠান যেন মিলিয়ে দিল সকলকে। আর এখান থেকেই নয়া সমীকরণ প্রস্তাব আকারে চলে এল। শুক্রবার বিবাদী বাগে ‘প্রিয়দা’র মূর্তি উন্মোচনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে সরাসরি জোটের প্রস্তাব দিলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তা নিয়ে বাকিরা এই মঞ্চে তেমন খাপ খোলেনি।
এদিকে এদিন প্রিয়রঞ্জনকে ঘিরে শহরে রাজনৈতিক সম্প্রীতির বিরল নজির দেখা গেল। এদিনের অনুষ্ঠানে সিপিএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা তৃণমূলের নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ। পাশে বসে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায় বর্ষীয়ান নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে। বিমান বসুর পাশেই বসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিবাদী বাগে প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি প্রতিষ্ঠা কংগ্রেসের বহুদিনের পরিকল্পনা ছিল। এদিন সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দলের নেতারা। প্রাক্তন এই কংগ্রেস নেতার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা শুধু দলের অন্দরে নয়, ভিন্ন মতাদর্শের মানুষজনের কাছেও ছিল। তাই তো তিনি সকলের ‘প্রিয়দা’। রাজনীতির ঊর্ধ্বেই তাঁর অবস্থান। সেই নিরপেক্ষতার কথা স্মরণ করলেন সকলে।
অন্যদিকে বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জীবনে প্রিয়দার অবদান তুলে ধরেন। শোভনদেব বলেন, ‘আমার জীবনে অবদান তিনজনের প্রিয়দা, সিদ্ধার্থশংকর রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ আর মদন মিত্রের বক্তব্য, ‘আমি প্রিয়দার মদন মিত্র হয়ে এখানে এসেছি।’ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠান থেকে বললেন, ‘খেলার ময়দানে অনেকবার দল পালটেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।’ তারপরই বসলেন বিধায়ক কুণাল ঘোষের পাশে।
তাছাড়া শুক্রবার বিবাদী বাগে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে সব রাজনৈতিক মতভেদ ভুলে হেভিওয়েট নেতাদের একসঙ্গে একমঞ্চে দেখে অনেকের মত, রাজনীতি ঠিক এমনই হওয়া উচিত। যেখানে লড়াই এবং মতপার্থক্য যেমন থাকবে, তেমনই বন্ধুত্বও অটুট থাকবে। আর এখানেই কুণাল ঘোষ বলেন, ‘সবাই বলছে, একা লড়াইয়ে প্রস্তুত। আমরা বলব, একা লড়াইয়ে প্রস্তুত। শুভঙ্কর বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। সিপিএম নেতৃত্ব বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। আর মাঝখান থেকে খেলার মাঠটা ভোট লুঠ করে নিয়ে চলে যাবে বিজেপি। তাই বিজেপি বিরোধী জোটে সিপিএম, কংগ্রেস সকলে আসুন।’