সম্প্রতি পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে ৫১টি বিশেষ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। এবার ট্রেনের পর মেট্রো নিয়ে বড় ঘোষণা করা হল। পুজোর সময়ে ভিড় সামলাতে বিশেষ মেট্রো পরিষেবা চালু করল কলকাতা মেট্রো। পঞ্চমী ও ষষ্ঠীতে ব্লু লাইনে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ২৮৪টি ট্রেন চলবে। অন্যদিকে, গ্রিন লাইনে চলবে ২৪০টি ট্রেন।
ব্যস্ত সময়ে দু’টি লাইনেই ট্রেনের ব্যবধান ৬ মিনিট। সপ্তমী, অষ্টমী ও নবমী ১৭ থেকে ২০ অক্টোবর, ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরেরদিন ভোর ৪টা পর্যন্ত ২৪৮টি মেট্রো চলবে। এদিকে গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরেরদিন ভোর পর্যন্ত ১৯২টি মেট্রো পরিষেবা থাকবে। ব্লু লাইনে ব্যস্ত সময়ে ৬ মিনিট এবং গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে।
দশমীতে ব্লু লাইনে ১৪০টি এবং গ্রিন লাইনে ৭৪টি পরিষেবা থাকবে। ইয়েলো লাইনে পঞ্চমী-ষষ্ঠীতে ১২০টি এবং সপ্তমী-নবমীতে প্রতিদিন ৭২টি পরিষেবা থাকবে। দশমীতে চলবে ৬২টি ট্রেন। পার্পল লাইনে পঞ্চমী-ষষ্ঠীতে প্রতিদিন ৮৪টি এবং ১৭ থেকে ২১ অক্টোবর প্রতিদিন ৩৮টি পরিষেবা থাকবে। অরেঞ্জ লাইনে ১৫ ও ১৬ অক্টোবর ৬২টি করে পরিষেবা চলবে। ১৭ থেকে ২১ অক্টোবর এই লাইনে কোনও পরিষেবা থাকবে না।
আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, শিয়ালদহ ডিভিশনে চলবে ৫১টি স্পেশাল ট্রেন
যাত্রীদের স্মার্ট কার্ড বা ‘আবার কলকাতা মেট্রো’ অ্যাপে আগে থেকেই কিউআর-ভিত্তিক টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। ভিড়ের সময়ে ট্রেনে না উঠে পরের ট্রেনের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দরজা আটকে না রাখারও আবেদন জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।