কদিন আগেই ইন্দোনেশিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ভুয়ো নথি বানিয়ে কলকাতার ট্যাংরা এলাকায় থাকছিলেন। আধার, প্যান-সহ নানা ভুয়ো নথি বানিয়ে নিজেকে ভারতের নাগরিক সাজিয়ে ফেলেছিলেন। চিনা নাগরিক বংশ পরম্পরায় এখানে থাকেন এমন পরিচয় দিতেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার পুলিশ গ্রেপ্তার করল আফগান নাগরিককে। নথি জান করে কলকাতা শহরে বসবাস করতে শুরু করেছিলেন। কিন্তু কেন এমন করল? তাহলে কি ভারতের কোনও ক্ষতি করতেই এখানে গা-ঢাকা দিয়ে থাকা? বড়দিন আসার আগে ভিন দেশের নাগরিকদের এভাবে ধরা পড়তে দেখা যাচ্ছে।
নথি জাল করা থেকে শুরু করে কলকাতায় বসবাস করার নেপথ্যে কোনও কারণ আছে বলেই মনে করছে পুলিশ। তবে এই আফগান নাগরিককে এদিন গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। এবার শিয়ালদহের কাছে কলকাতা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে ওই আফগান নাগরিককে মধ্যপ্রদেশ পুলিশের অফিসাররা গ্রেপ্তার করেন। মধ্যপ্রদেশ পুলিশ তাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিল। তাদের কাছে গোপন সূত্রে খবর আসে, এই আফগান নাগরিক কলকাতায় গা-ঢাকা দিয়ে আছে। তারপরই মধ্যপ্রদেশ পুলিশ এখানে এসে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
পুলিশ সূত্রে খবর, ওই আফগান নাগরিকের আসল নাম মির আহমেদ জার। সে কলকাতায় এসে আয়ুব খান নাম ভাঁড়িয়ে জাল পরিচপত্র তৈরি করেছিল। আর তা সামনে রেখেই এখানে বসবাস করছিল। ২০১৫ সালে প্রথমবার সে ভারতে আসে। তার পর ২০১৭ সালে দ্বিতীয়বার এদেশে এসে থাকতে শুরু করে। কখনও থাকত মধ্যপ্রদেশের জব্বলপুরে। কখনও থাকত কলকাতায়। আর নিজের সঠিক পরিচয় গোপন করে রেখে এখানে জাল নথি তৈরি করেছিল। ধৃত আফগান নাগরিকের কাছ থেকে উত্তর শহরতলির ভাটপাড়া পুরসভার শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং গাড়ির লাইসেন্স উদ্ধার করেছেন গোয়েন্দারা। এসআইআর করার পর ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল। তখন আবার নাম তোলার জন্য আবেদনও করেছিল।
তাছাড়া কিছুদিন আগে মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে ওই রাজ্যের গোয়েন্দারা পাঁচজন আফগান নাগরিককে গ্রেপ্তার করেন। তারা প্রত্যেকেই জাল পরিচয়পত্র তৈরি করে এই দেশে থাকছিল বলে অভিযোগ। তাদের জেরা করেই আয়ুব খানের নাম জানতে পারেন গোয়েন্দারা। আর ওই সূত্র ধরে গোয়েন্দারা এদিন আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে হানা দেন। শিয়ালদহের কাছে নির্দিষ্ট ডেরা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে জাল নথি তৈরির চক্রের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।