রাজ্যসভায় নাম মনোনীত করেছে বিজেপি। একদিন আগেই তা প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে বিজেপিতে যোগদান করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এদিন রাজ্যসভার সাংসদ পদের জন্য বিধানসভায় মনোনয়ন জমা দেন তিনি। তার আগে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন রঞ্জিত তনয়া। রথের দিন সকালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। মাঝে শুধু বদলে গেল ফুল। প্রার্থী একই থাকছে।
আগে তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর সিদ্ধান্ত কি ভুল ছিল? এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। তবে কৌশলে জবাব এড়িয়ে যান অভিনেত্রী। কোনওদিন কাউকে নিয়ে কোনও খারাপ কথা বলেননি। ভবিষ্যতেও করবেন না বলেই দাবি করেছেন কোয়েল। তাঁর লক্ষ্য, আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চান। বিজেপিতে যোগ দিয়ে কোয়েল মল্লিক বলেন, ‘আপার হাউসের সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা একটা অনেক বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্ম আমি সব সময়ে পালন করে থাকি, একটা প্ল্যাটফর্ম পেলে স্বাভাবিকভাবে ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তাই এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরাই আমাকে মনোনীত করেছেন।’
অভিনেত্রী আনুষ্ঠিকভাবে যোগ দিয়ে কোয়েল জানান, গত কয়েক মাস ধরে রাজ্যে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে সেটা দেখে তিনি খুবই খুশি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক। আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ পর্ব। কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনেই ভোট হচ্ছে। চলতি বছরের ৫ মার্চ তৃণমূল কংগ্রেসে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। তারপরই গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন টলিউড অভিনেত্রী। কোয়েল মল্লিকের কথায়, ‘আমাদের বাচ্চারা যখন ভাল পড়াশোনা করেও বাইরে চলে যায় সবাই, বাইরেই থেকে যায়, মনে হয় এরা এখানে কেন থাকছে না। সে সব ক্ষেত্রে আমি যদি কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আমি চাই বাংলার প্রত্যেকটা মানুষ আনন্দে থাকুক, কাজের সুযোগ বাড়ুক।’
তাছাড়া কোয়েল ইস্তফা দিয়েই বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে দেখা করে আসেন। এরপরই কোয়েল মল্লিকের পিতা বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিককে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। টলিউড পর্দা কাঁপানোর পাশাপাশি রাজনীতির ময়দানও যে কোয়েল কাঁপাতে জানেন এবার সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এর আগে প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব এব সুখেন্দুশেখর রায়রা একইভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপির রাজ্যসভার সদস্য হয়েছিলেন। ঠিক সেই একই পথে হাঁটালেন কোয়েল মল্লিকও। এই অভিনেত্রী যেদিন তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তখন শপথ নিয়ে বলেছিলেন, ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই।’ এবার সেই কোয়েল মল্লিকই বিজেপিতে যোগ দিয়ে বললেন, ‘দেশের মানুষের সেবা করতে চাই। পেপার পড়ে ইস এটা হল না বলতে পারি সহজেই, কিন্তু সেটা নিয়ে এই ময়দানে এসে কাজ করাই আসল। আমার কারও উপরে রাগ নেই। আমার মনে হয়, যারা অন্যকে ছোট করে, অন্যকে অপমান করে মানসিক আরাম পায়, তা তাদের একটা ক্ষোভ থেকে করে। তারা যদি নিজেরা ভালো থাকত, সুখে থাকত, তা হলে অন্যকে অপমান করে আনন্দ পেত না। তাদের মানসিক সুস্থতা কামনা করি। আপনাদের কাছে আশীর্বাদ চাইব, দেশের মঙ্গলে আমি যেন কাজে আসি।’