বুকস্টলকে কেন্দ্র করে রণক্ষেত্র কলেজ স্ট্রিট, এসএফআই-এবিভিপি’র হাতাহাতিতে অবরুদ্ধ রাজপথ

ABVP-SFI Clash Photo-SNS

বামেদের প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের সামনেই হাজির হয় জাতীয়তাবাদী বইয়ের সম্ভার। বুধবার কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টলের সামনেই নিজেদের বই সাজিয়ে বসতে যায় এবিভিপি। এই নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই-এবিভিপি। এদিন সকাল থেকে দফায় দফায় দু’পক্ষের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট চত্বর। এই উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। কিন্তু তারপরও অশান্তি তো থামেনি। উলটে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে এবিভিপির সদস্যদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কলেজ স্ট্রিটে এই বইয়ের মেলাকে কেন্দ্র করে গোলমাল বাধে এসএফআই-এবিভিপি’র মধ্যে।

এদিকে এই নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। পূর্ব নির্ধারিত জায়গা থেকে একটু সরে নতুন করে অস্থায়ী স্টল করে এসএফআই। সেখানে উপস্থিত থাকার কথা সিপিএমের প্রবীণ নেতা বিমান বসুর। সেখানে বিশাল পুলিশবাহিনী উপস্থিত রয়েছে। পুলিশের অনুমতি নিয়ে তিনদিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করে সিপিএম। ছাত্র সংগঠন এসএফআই এই বুকস্টলের কাজ করেছিল। কিন্তু পুলিশ হঠাৎ তাতে বাধা দেয় বলে অভিযোগ। বুকস্টল করতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম লাইনের উপরই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই সদস্যরা। কিন্তু সেটা আইনভঙ্গ বলে পুলিশ তুলে দিতে চাইলে সংঘর্ষ শুরু হয়। তা নিয়ে মঙ্গলবার প্রায় দিনভর কলেজ স্ট্রিট অশান্ত ছিল।

অন্যদিকে বুধবার সকাল থেকে এবিভিপি সদস্যরা দাবি করতে থাকেন এসএফআই স্টল করলে তাঁরাও রাস্তায় বসে বই বিক্রি করবেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল, বেঞ্চ বের করে এনে রাস্তায় পাততে শুরু করেন এবিভিপি সদস্যরা। আর গুরুজি, ডাক্তারজি, নারী কাল আজ ও কাল সাজানো হয়। এবিভিপি’র পক্ষ থেকে আনা হয় ছাত্র-যুব সমাবেশের ব্যানারও। বামেদের বুকস্টলের সামনেই পালটা বইয়ের স্টল সাজায় এবিভিপি। এই নিয়ে দু’পক্ষ মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। এবিভিপি’র সদস্য স্বাধীন হালদার বলেন, ‘কথা চলছে। কিন্তু এসএফআই যদি এখানে বই বিক্রি করে তাহলে আমরাও করব।’ আর তারপরই এবিভিপি এসএফআইয়ের স্টল ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।


তাছাড়া এসএফআইয়ের অভিযোগ, তাদের ব্যানার ছিড়ে মার্কস ও লেনিনের বই রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। দু’পক্ষকে থামাতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ঘেরা হয় রাজপথ। তাতেও পরিবেশ স্বাভাবিক হয়নি। ধস্তাধস্তির মধ্যে এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করা হয়। আর তাদেরও বুকস্টল করতে দিতে হবে বলে দাবি তুলে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা।