কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী, সিবিআই তদন্তের আবেদন করলেন

PA Sumit Roy Photo-SNS

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এখন জেলে। যাঁকে সদ্য পুলিশ নিয়ে গিয়েছিল সরিষায়। এবার তাঁর স্ত্রী সুস্মিতা রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। পুলিশ জেরা করার অজুহাতে তীব্র অত্যাচার করছে তাঁর স্বামীর উপর বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকী সুমিতের স্ত্রীর দাবি, সুমিতকে ফাঁসানোর জন্যই ডায়মন্ডহারবারের পার্টি অফিস নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে টাকা উদ্ধার করার ঘটনা সাজানো হয়েছে। স্বামীর জীবন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে সুমিতের স্ত্রী সুস্মিতা রায় এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার তাঁর মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে তৃণমূলের ছেড়ে দেওয়া পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। পুলিশ দাবি করেছিল, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে। যদিও সেটা মানতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং সাংসদের পাল্টা দাবি, পুলিশ পরিকল্পিতভাবে ওই ঘটনা সাজিয়েছে। শুধু তাই নয়, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টার করে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এমনকী গোটা ঘটনার ভিডিও ফুটেজ তাঁর কাছে আছে বলে দাবি করেছেন অভিষেক। এইসব ঘটনার পরই সুমিতের স্ত্রী কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন।

সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়ের বক্তব্য, ডায়মন্ডহারবারে যে টাকা উদ্ধার করা হয়েছিল সেটার সঙ্গে তাঁর স্বামী সুমিতের কোনও সম্পর্ক নেই। সুমিতকে ফাঁসানোর জন্য এই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছিল। আর পুলিশ জেরা করার সময় সুমিতের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। সুমিতের স্ত্রীর দাবি, তাঁর স্বামীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছে। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তাই ডায়মন্ডহারবারে টাকা উদ্ধারের ঘটনার তদন্ত করুক সিবিআই। সেটা সম্ভব না হলে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে ওই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হোক। এই ঘটনার তদন্ত থেকে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সরানোর আর্জিও জানিয়েছেন সুস্মিতা রায়। এই মামলার মঙ্গলবার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।


উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় পুলিশ সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সুমিত রায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। এই গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে এবং জামিন চেয়ে সুমিত রায় আবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর আবেদনে সাড়া দেয়নি। পুজোর ছুটির পর ১৬ নভেম্বর আদালত খুললে নিয়মিত বেঞ্চে সুমিত রায়ের জামিনের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। এসবের মধ্যেই পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে গেলেন সুমিত রায়ের স্ত্রী।