ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই মামলায় কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল ব্যাঙ্ক কর্তৃপক্ষের। মামলার শুনানিতে রিপোর্ট দমা দিতে সময় চাওয়ায় ব্যাঙ্কের আইনজীবীকে কার্যত ভর্ৎসনা করল আদালত। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার করা হল। সেদিনই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণ রাও।
এদিন বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের আইনজীবী আদালতে বলেন, ‘গতকালই বিষয়টি পেয়েছি। এখনও নির্দেশ পাইনি।’ পাল্টা আদালতের কড়া মন্তব্য, ‘কোনও বিষয়েই আপনাদের নির্দেশ থাকে না। প্রতিটি মামলাতেই রিপোর্ট দেওয়ার জন্য সময় চাইছেন।’ ব্যাঙ্কের তরফে ফের সময় চাওয়া হলে আদালত আরও বলে, ‘প্রতিবারই আপনারা আরও সময় চান। এদিকে কখনও রিপোর্ট নিয়ে আসেন না।’
এরপর অভিষেকের আইনজীবী জানান, সোমবারই সেই ব্যাঙ্ককে মামলার নথি সার্ভ করা হয়েছিল। সেই সার্ভিসের প্রমাণ আদালতের রেকর্ডে রয়েছে। যদিও ব্যাঙ্কের আইনজীবী জানান, বুধবার দুপুর ১২টা বা ২টোর মধ্যে বিষয়টি শুনানি হলে তিনি নির্দেশ নিয়ে আসতে পারবেন। তবে শেষ পর্যন্ত আজ শুনানি না করে বৃহস্পতিবার মামলাটি ফের তালিকাভুক্ত করার নির্দেশ দেয় আদালত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনাকে কেন্দ্র করে মামলায় সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের অবস্থানও রয়েছে আদালতের নজরে। উল্লেখ্য, ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টে গত সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে সওয়াল করেন, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়নি।
এই পদক্ষেপের ফলে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করা কঠিন হয়ে পড়বে। এটা অনৈতিক কাজ বলেও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আর তাই দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী অয়ন ভট্টাচার্য। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ করা ছাড়াই কেমন করে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? আইনজীবী আদালতে আরও জানিয়েছিলেন, ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই করা হয়নি। সুতরাং এটা অনৈতিক কাজ।
আরও পড়ুন: বিদেশ সফরে যাওয়ার আগে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, কলকাতা হাইকোর্টের দুয়ারে অভিষেক
তখনই বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিশ দিতে বলেন। বুধবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়। সেই মতো বুধবার আদালতে এই মামলার শুনানি ছিল। কিন্তু অভিষেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের রিপোর্ট না আসায় শুনানি পিছোল।