প্যান্টের চেন খুলে মেট্রোয় তরুণীর সঙ্গে চূড়ান্ত অভব্যতা, যুবকের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ

Kolkata Metro Photo-SNS

ভিড় মেট্রো। আর সেই সুযোগ নিয়ে কলকাতা মেট্রোয় শ্লীলতাহানির ঘটনা ঘটল। তার জেরে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল তরুণীর। এই ঘটনা সামনে আসতেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। গতকাল রাত ৯টা নাগাদ মেট্রোয় এক যুবক তরুণীকে অশালীনভাবে স্পর্শ করার পাশাপাশি কুরুচিকর কাজও করেছিল বলে অভিযোগ ওই তরুণীর। শুধু তাই নয়, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল বলেও অভিযোগ উঠেছে। ওই তরুণীর বক্তব্য, অভিযুক্ত যুবক প্যান্টের চেন খুলে তাঁর সঙ্গে অসভ্যতা করেছে। বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানায় এমনই অভিযোগ করেন তরুণী। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।

পাতালপথেও যে শ্লীলতাহানির শিকার হতে হবে সেটা ভাবতে পারেননি ওই তরুণী। ভিড়ে ঠাসা মেট্রোয় তরুণীর পিঠ থেকে ক্রমশ নিচের দিকে হাত নামাতে থাকে। ওই মদ্যপ যুবক প্যান্টের চেন খুলে তরুণীর পিছন থেকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। মাথা ঘোরাতেই তরুণী দেখেন অভিযুক্ত যুবকের প্যান্টের চেন খোলা এবং সে কুরুচিপূর্ণ কাজ করছে। অন্য যাত্রীরা তখন বিষয়টা দেখতে পেয়েই প্রতিবাদ করেন। এরপর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা তরুণী। এই ঘটনা সামনে আসতেই শুক্রবার সকাল থেকে আলোড়ন পড়ে গিয়েছে মেট্রো যাত্রীদের মধ্যে।

পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, ওই তরুণী চাঁদনি চক থেকে ৮টা ৪৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোয় উঠেছিলেন। এসপ্ল্যানেডে আসতেই ভিড় বাড়ে। তখনই ওই যুবক মেট্রোয় উঠে ভিড়ে মিশে যায়। ওই তরুণী তার কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারেন পিছনে অস্বস্তিকর কিছু ঠেকছে। আর অনুভব করেন, একটা হাত তাঁর পিঠ বেয়ে ক্রমশ নিচের দিকে নামছে। ওই পরিস্থিতিতে অস্বস্তি হওয়ায় পিছনে ঘুরে দেখেন তিনি। তাতেই তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে। তারপরই প্রতিবাদ করেন তরুণী। তাতেও কোন কাজ হয়নি। অশালীন আচরণের প্রতিবাদ করতে গিয়ে তরুণী দেখেন, অভিযুক্তের প্যান্টের চেন খোলা এবং পুরুষাঙ্গ প্রকাশ্যে। তরুণী চেঁচাতেই অভিযুক্ত প্লাস্টিকের প্যাকেট দিয়ে পুরুষাঙ্গ ঢেকে নেয়।


তাছাড়া পরিস্থিতি বেগতিক দেখে ওই অভিযুক্ত যুবক রবীন্দ্র সদন স্টেশনে নেমে যায়। তরুণীর অভিযোগ পেয়ে শেক্সপিয়ার সরণি থাকা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত যুবককে চিহ্নিত করা যায়নি। ওই তরুণী চাঁদনি চক থেকে কবি নজরুল যাচ্ছিলেন।