হোটেলে নিয়ে গিয়ে যুবতীকে সারারাত ধর্ষণ, তদন্ত শুরু করল বাঁশদ্রোণী থানার পুলিশ

Whole Night Rape Representative Image

সমাজমাধ্যমে পরিচয়। আর তা থেকে বন্ধুত্ব। আর তারপরই যুবতীর বিশ্বাস অর্জন করে লাগাতার ধর্ষণ করল এক যুবক বলে অভিযোগ। ওই যুবক বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে বলে অভিযোগ। তারপর তা দেখিয়ে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ করার অভিযোগ তুললেন নির্যাতিতা যুবতী। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের সব জানান ওই যুবতী। তাঁদের সহায়তায় থানার দ্বারস্থ হন। প্রথমে মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের হলেও ঘটনাস্থল এবং অভিযুক্তের ঠিকানার ভিত্তিতে জিরো এফআইআর করে তা পাঠানো হয়েছে বাঁশদ্রোণী থানায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টি ঠিক কী ঘটেছে? ওই যুবক ব্ল্যাকমেল করে যুবতীকে হোটেলে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর হোটেলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করা হয় ওই যুবতীকে। মদ্যপ অবস্থায় ওই যুবক সারারাত যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, রাতব্যাপী ধর্ষণ করার পর বিবস্ত্র অবস্থায় হোটেলের বারান্দায় যেতে বাধ‌্য করা হয় বলে অভিযোগ। এতেই অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। পরে পরিবারের সাহায্যে মেটিয়াবুরুজ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় একাধিকবার ওই যুবতীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাঁশদ্রোণী থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

তারপর ঠিক কী ঘটল? পুলিশকে দেওয়া যুবতীর বয়ান অনুযায়ী, প্রায় সাত বছর আগে সমাজমাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সম্পর্কই পরে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা তৈরি করে। লকডাউনের সময় নিয়মিত কথা হতো যুবক-যুবতীর মধ্যে। ২০২১ সালে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে শহরের বাইরে হোটেলে নিয়ে গিয়ে প্রথম তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর যুবতীর নগ্ন ছবি এবং ভিডিও তুলে রেখে পরে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। এমনকী ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে বারবার নানা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। প্রতিবাদ করলেই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ।


আর কী জানা যাচ্ছে? ওই যুবতীর আরও অভিযোগ, এরপর এই অত‌্যাচার বেড়েই চলে। লজ্জা ও ভয়ে বাড়ির সদস্যদের জানাতে পারেননি। কদিন আগে জোকার একটি হোটেলে নিয়ে গিয়ে সারারাত ধরে ধর্ষণ করা হয়। মদ‌্যপ অবস্থায় ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। বিবস্ত্র অবস্থায় ঘর থেকে হোটেলের বারান্দায় যেতে বাধ‌্য করা হয়। শরীর খারাপ অবস্থায় পরদিন সকালে কোনওমতে সেই হোটেল থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছন। অসুস্থ হয়ে পড়েন সারারাতের অত্যাচারে। পরিবারের সদস্যদের তখন সব জানাতে বাধ্য হন। মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাঁশদ্রোণী ব্রহ্মপুরের বাসিন্দা হওয়ায় মেটিয়াবুরুজ থানার পুলিশ জিরো এফআইআর করে প্রাথমিক তদন্তের পর মামলা পাঠিয়ে দেয় বাঁশদ্রোণী থানায়। ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।