কলকাতার এক অভিজাত হোটেলে শ্লীলতাহানির অভিযোগ। বাইপাসের ধারে একটি হোটেলে শনিবার রাতে নাগাল্যান্ডের এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরে ওই হোটেল থেকেই পুলিশ ৫৬ বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী তরুণী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তিনি পুলিশকে জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনি এবং নাগাল্যান্ডেরই তাঁর এক সঙ্গী ওই হোটেলের লবিতে ছিলেন। তাঁরা সেখানে দাঁড়িয়ে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
অভিযোগ, সেই সময়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের দুজনকেই আপত্তিজনকভাবে স্পর্শ করে। এতে তাঁদের শ্লীলতাহানি ও মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে। হোটেলের লবিতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়।
পুলিশ সূত্রের খবর, অভিযোগকারীর সাহায্যে সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিকেও শনাক্ত করা হয়। এরপর ফুটেজের মাধ্যমে তাঁর গতিবিধি অনুসরণ করে পুলিশ হোটেলের একটি ঘর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের পরিচয় পলাশ রায় হিসেবে জানিয়েছেন। তিনি উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর-১০০ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: উৎসবের মরসুমে শুরু বর্ষার বিদায়পর্ব, বাড়বে গরম ও অস্বস্তি
পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।