মুরাসুর পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। জানা গিয়েছে, নভেম্বরের মাঝে একটি ঘূর্ণাবর্ত সমুদ্রে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারে। সেটিই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেটি পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। ঘূর্ণিঝড়ে পরিমত হলে তার সম্ভাব্য নাম হবে আকভান। ইরান এই নামটি দিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বুধবার ভাইফোঁটার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই মূলত মেঘলা আকাশের দেখা মিলছে। কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমলেও রাতের তাপমাত্রা নামতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১৩ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর আগে গালফ অফ মান্নার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, হেল্প ডেস্ক খুলল রেল
নতুন নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।